চাঁপাইনবাবগঞ্জে বোমায় আ. লীগকর্মী আহত
চাঁপাইনবাবগঞ্জ শহরে নবনির্বাচিত সংসদ সদস্যের সম্বর্ধনা থেকে ফেরার পথে বোমা হামলায় এক আওয়ামী লীগ কর্মী আহত হয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জ, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-
সোমবার দুপুরে শহরের শিবতলা মোড়ে একটি গাড়িতে দুর্বৃত্তরা এ বোমা হামলা চালায় বলে পুলিশ জানিয়েছে।
আহত মাইনুল সদর উপজেলার ভগবানপুর গ্রামের প্রয়াত নমু সরদারের ছেলে। আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি মো. জসিম উদ্দিন জানান, সকালে সদর আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য আব্দুল ওদুদকে জেলা প্রশাসকের অফিসের সামনে সম্বর্ধনা দেয়া হয়।
অনুষ্ঠানে যোগদান শেষে ফিরে যাবার সময় দুপুর পৌনে ১টার দিকে শহরের শিবতলা মোড়ে দুর্বৃত্তরা ৫-৬টি বোমার বিস্ফোরণ ঘটায়। এতে মাইনুল ইসলাম মাথা ও হাতসহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত পান।
স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসেন। অবস্থার অবনতি হলে পরে রাজশাহী পাঠিয়ে দেয়া হয়।
