২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিরতির পর সাঈদীর আপিল শুনানি শুরু

হরতাল-অবরোধসহ বিরোধী দলের কর্মসূচি ও সুপ্রীম কোর্টের অবকাশের দীর্ঘ বিরতির পর যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের শুনানি আবারো শুরু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2014, 04:34 PM

Updated : 01 Sep 2026, 06:01 PM

সোমবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারকের বেঞ্চে শুরু হওয়া শুনানি বৃহস্পতিবার পর‌্যন্ত শুনানি মুলতবি করা হয়।

সাঈদীর পক্ষে শুনানিতে অংশ নেন এসএম শাহজাহান। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান।

সর্বশেষ গত নভেম্বরের শেষ সপ্তাহে সাঈদীর আপিলের শুনানি হয়। এরপর হরতাল-অবরোধ ও শীতকালীন অবকাশের কারণে আর শুনানি হয়নি।

গত বছরের ২৮ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাঈদীকে মৃত্যুদণ্ড দেয়।

প্রসিকিউশনের আনা ২০টি অভিযোগের মধ্যে ইব্রাহিম কুট্টি ও বিসাবালীকে হত্যা এবং হিন্দু সম্প্রদায়ের বাড়ি-ঘরে আগুন দেয়ার দুটি অভিযোগে সাঈদীকে ট্রাইব্যুনাল ওই মৃত্যুদণ্ড দেয়।

আরো ছয়টি অভিযোগ সন্দেহাতীতভাবে আদালতে প্রমাণিত হলেও অন্য অভিযোগে ফাঁসির আদেশ যাওয়ায় সেগুলোতে কোনো দণ্ড দেয়নি আদালত।

এই রায়ের বিরুদ্ধে গত ২৮ মার্চ আপিল করেন সাঈদী। অন্যদিকে প্রমাণিত হলেও সাজা না হওয়া ছয় অভিযোগে এই জামায়াত নেতার শাস্তি চেয়ে আপিল করে প্রসিকিউশন।

এছাড়া ট্রাইব্যুনাল যে ১২টি অভিযোগ থেকে সাঈদীকে খালাস দিয়েছে, সেগুলোতেও আপিলে ‘পূর্ণ ন্যায়বিচার’ চাওয়া হয়। গত ২৪ সেপ্টেম্বর এ মামলার আপিল শুনানি শুরু হয়।

আপিলে আসামিপক্ষ রায় পড়া শেষ করার পাশাপাশি প্রসিকিউশনের সাক্ষীদের সাক্ষ্য ও জেরা উপস্থাপন করছে।

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের প্রথম রায়ে গত ২১ জানুয়ারি জামায়াতের সাবেক রুকন আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকারের ফাঁসির আদেশ আসে। পলাতক থাকায় তিনি এর বিরুদ্ধে আপিল করতে পারেননি।

৫ ফেব্রুয়ারি দ্বিতীয় রায়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। তবে আপিল শুনানি শেষে সুপ্রিম কোর্ট গত ১৭ সেপ্টেম্বর চূড়ান্ত রায়ে কাদের মোল্লাকেও মৃত্যুদণ্ড দেয়। ১২ ডিসেম্বর ওই দণ্ড কার‌্যকর হয়।

তৃতীয় রায়ে সাঈদীকে মৃত্যুদণ্ড দেয়া হয়। এরপর আরো ৬টি রায় হয়েছে।