চট্টগ্রামে নিহত যুবকের পরিচয় মিলেছে
চট্টগ্রামের সিআরবি এলাকা থেকে উদ্ধার করা লাশের পরিচয় জানতে পেরেছে পুলিশ।
নিহত ব্যক্তির নাম চম্পক দেওয়ানজী (৩৫)।
তিনি পাওয়ার গ্রিড কোম্পানির হাটহাজারী অফিসের সহকারী ব্যবস্থাপক (হিসাব ও প্রশাসন) পদে কর্মরত ছিলেন বলে জানিয়েছেন তার বড় ভাই চিরঞ্জীব দেওয়ানজী।
চম্পক বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের মাস্টারপাড়ার চপল কান্তি দেওয়ানজীর ছেলে। থাকতেন মুরাদপুর এলাকায়।
সোমবার সকাল ৬টার দিকে সিআরবির ডাকবাংলা সড়কের পাশ থেকে চম্পকের লাশ উদ্ধারের পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।
নিহতের বুকের বাম দিকে ছুরির আঘাতের চিহ্ন আছে। তার পরনে ছিল থ্রি কোয়ার্টার প্যান্ট, টি-শার্ট ও সোয়েটার।
দুপুরে নিহতের বড়ভাই চিরঞ্জীব দেওয়ানজী হাসপাতালে গিয়ে চম্পকের লাশ শনাক্ত করেন বলে জানান কোতয়ালী থানার এসআই একরাম উল্লাহ।
চিরঞ্জীব বলেন, “চম্পক প্রতিদিন সকালে সিআরবি এলাকায় সাইকেল চালাত।
“সোমবার সকালেও সে সেখানে গিয়েছিল। অনেকক্ষণ তার খবর না পেয়ে তিনি হাসপাতালে আসেন,” বলেন নিহতের বড়ভাই।
এসআই একরাম বলেন, “নিহতের প্যান্টের পকেট থেকে মানিব্যাগ খোয়া গেছে। আমরা ধারণা করছি ছিনতাইকারীর ছুরিকাঘাতে তার মৃত্যু হয়েছে।”
এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।
