ফরিদপুরে ২ মোটরসাইকেল আরোহী নিহত
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় সেনাবাহিনীর গাড়ির সঙ্গে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি শাহরিয়ার হাসান জানান, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সোয়াদী এলাকায় ঢাকা-ভাঙ্গা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ভাঙ্গা উপজেলার আড়ুয়াকান্দি গ্রামের হারুণ মাতুব্বর (৩৫) এবং গোপাল মণ্ডল (৪৫)।
তাদের লাশ ভাঙ্গা হাইওয়ে থানায় রাখা হয়েছে জানিয়ে ওসি বলেন, ওই দুই জন বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল। পথে বরিশাল থেকে যশোরগামী সেনা বহরের একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে হলে ওই দুই মোটরসাইকেলআরোহী গুরুতর আহত হয়।
পুলিশ তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইমরান বলেন, স্বাস্থ্য কেন্দ্রে আনার আগেই তারা মারা যান।
সেনা বহরে থাকা মেজর তৌফিক এলাহী বলেন, “মোটরসাইকেলটি দ্রুতগতিতে এসে আমাদের বহরের মধ্যে ঢুকে পড়লে এই দুর্ঘটনায় ঘটে। আরোহীদের মাথায় হেলমেট ছিল না।”
