চাঁদপুরে কার্টন ভর্তি বোমা
চাঁদপুর শহরে ওষুধের দোকানে এক যুবকের রেখে যাওয়া একটি কার্টন থেকে হাতবোমা ও পেট্রোলবোমা উদ্ধার করেছে পুলিশ।
চাঁদপুর সদর মডেল থানার ওসি মাহবুব মোরশেদ জানান, রোববার রাত সাড়ে ৯টার দিকে শহরের নতুনবাজার এলাকার ‘মক্কা ফার্মেসী’ থেকে জব্দ করা কার্টনের ভেতরে আটটি পেট্রোল ও ছয়টি হাতবোমা পাওয়া যায়।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই জনকে আটক করা হয়েছে। এরা হলেন-হুমায়ুন কবির (৩৫) ও তার ছেলে মিরাজ (১৬)।
দোকানের কর্মচারীদের বরাত দিয়ে ওসি মাহবুব বলেন, সন্ধ্যার দিকে ওই দোকানে কার্টনটি কিছুক্ষণের জন্য রাখার অনুরোধ করেন এক যুবক। কিন্তু দীর্ঘ সময় পার হলেও তিনি ফিরে না আসায় দোকানের লোকদের সন্দেহ হয়। পরে তারা সেটি খুলে বোমাগুলো দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
“জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।”
চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
