২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কঠোর হবেন, জানালেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

আইন ও সংবিধান অমান্যকারীদের কঠোর হাতে দমনের হুঁশিয়ারি দিয়েছেন নতুন সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2014, 11:18 AM

Updated : 01 Sep 2026, 06:01 PM

সোমবার সকালে রাজারবাগ পুলিশ লাইনে একাত্তরের শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রথমবারের মতো প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়া ঢাকার এ সাংসদ।

তিনি বলেন, “যারা আইন মানে না, সংবিধান মানে না তাদের কঠোর হস্তে দমন করা হবে।”

পুলিশের প্রতি কোনো নির্দেশনা রয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, “সবেমাত্র আজকে এসেছি। আগে দেখবো, বুঝবো এবং প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবো।”

আইনশৃঙ্খলা বাহিনী ঠিকমতো কাজ করছে বলেও মনে করেন আসাদুজ্জামান কামাল।

নৈরাজ্য ও জঙ্গিবাদ দমনে প্রত্যয় ব্যক্ত করে এক্ষেত্রে জনগণের সম্পৃক্ততা প্রত্যাশা করেন নতুন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।

তিনি বলেন, “জনগণের সম্পৃক্ততার প্রয়োজন অবশ্যই রয়েছে। তাদের সহযোগিতা ছাড়া নৈরাজ্য, জঙ্গিবাদ দমন সম্ভব না।”

এ সময় পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার, ঢাকার পুলিশ কমিশনার বেনজীর আহমেদ, র‌্যাবের মহাপরিচালক মোখলেসুর রহমান ও পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান জাবেদ পাটোয়ারি উপস্থিত ছিলেন।

এরপর বেলা ১১টার দিকে সচিবালয়ে নিজ কার্যালয়ে পৌঁছান আসাদুজ্জামান খান কামাল। এ সময় মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।