ক্ষতি দ্রুত পুষিয়ে নিতে হবে: মুহিত
রাজনৈতিক অস্থিরতায় অর্থনীতির যে ক্ষতি হয়েছে তা দ্রুত পুষিয়ে নেয়ার ঘোষণা দিয়েছেন নতুন সরকারেও অর্থমন্ত্রীর দায়িত্ব পাওয়া আবুল মাল আবদুল মুহিত।
হাসিনার সরকারে দ্বিতীয় মেয়াদে শপথ নেয়ার পর রোববার সন্ধ্যায় তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রধানমন্ত্রীর নির্দেশে দায়িত্ব নিয়েছি। হরতাল, অবরোধসহ ধ্বংসাত্মক কর্মসূচিতে অর্থনীতির যে ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠাই এখন আমাদের প্রধান কাজ।”
“গত পাঁচ বছরে দেশের অর্থনীতিতে যে গতি সঞ্চার হয়েছে, তা ধরে রাখাই হবে আমাদের সরকারের প্রধান কাজ।”
এ নিয়ে তৃতীয়বার অর্থমন্ত্রীর দায়িত্ব নেয়া মুহিত বলেন, নতুন সরকারের প্রধান কাজ হচ্ছে আগামী ২০১৪-১৫ অর্থবছরের বাজেট প্রণয়ন করা। এতে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নকে প্রাধান্য দেয়া হবে।
রাজনৈতিক সহিংসতার আঁচ থেকে অর্থনীতি বাঁচাতে সরকারের করণীয় ঠিক করতে সোমবার থেকেই সরকারের পদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানান তিনি।
সোমবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগ-ইআরডি এবং জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন মুহিত।
“অর্থনীতিবিদ, অর্থনীতির গবেষক এবং ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করা হবে।”
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মুহিত এর আগে বলেছিলেন, তিনি এবার নির্বাচন করলেও মন্ত্রী হবেন না।
তবে মন্ত্রীর দায়িত্ব নিয়েছেন তিনি। সেই সঙ্গে এবার অর্থ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে সাবেক আমলা এম এ মান্নানকে।
সিলেটের বাসিন্দা মুহিত বলেন, “অর্থমন্ত্রী হিসেবে আমার বহাল থাকা একরকম নিশ্চিতই ছিল। তবে সুনামগঞ্জের সংসদ সদস্য এম এ মান্নানের প্রতিমন্ত্রী হওয়ার বিষয় একটা চমক বটে।
“সে আমার অনুজ। একসঙ্গে কাজ করতে ভালই লাগবে। আশা করছি, গত পাঁচ বছরে শেখ হাসিনার সরকার দেশের মানুষের মধ্যে যে আশার সঞ্চার করেছে- তা পূরণ করতে পারব।”
অর্থমন্ত্রী বলেন, “বিশ্ব অর্থনীতির চলমান মন্দার মধ্যেও আমরা আমাদের অর্থনীতির চাকাকে সচল রেখেছি। পৃথিবীর অনেক উন্নত দেশেই দেশে নেগেটিভ প্রবৃদ্ধি হয়েছে সেখানে আমাদের সরকারের মেয়াদে গড়ে ৬ শতাংশের বেশি প্রবৃদ্ধি হয়েছে।
ফাইল ছবি
“এটা আমাদের সরকারের বড় সাফল্য বলে মনে করি। নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত সেনসহ বিশ্বের অনেক জ্ঞানী-গুণী সে স্বীকৃতি দিয়েছে।”
“আমরা আমাদের এই দেশটাকে আরও সামনের দিকে নিয়ে যেতে চাই। আশা করছি, সফল হব। কোন বাধাই আমাদের আটকে রাখতে পারবে না,” বলেন মুহিত।
রোববার বিকেলে বঙ্গভবনে শপথ নিয়েই সচিবালয়ে যান অর্থমন্ত্রী। ডেকে আনেন নতুন সহকর্মী মান্নানকে। সন্ধ্যায় অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তারা দুজন।
মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি তো স্যারকে (মুহিত) রেসপেক্ট করি। তার অনুগত আমি। আমার সৌভাগ্য যে স্যারের সঙ্গে আমার কাজ করার সুযোগ হয়েছে। আমি অনেক কিছু শিখতে পারব।”
অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে আসা মন্ত্রী, প্রতিমন্ত্রী দুজনই বৃহত্তর সিলেটের। বিষয়টি ‘ভালো’ লাগছে বলে স্বীকার করেন দুজনই।
মুহিত সিলেট- ১ আসন থেকে দ্বিতীয় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন। মান্নানও সুনামগঞ্জ-৩ আসন থেকে দ্বিতীয়বার নির্বাচিত হয়েছেন। মান্নান নবম সংসদে সরকারি হিসাব কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন।
সেনা সরকারে মন্ত্রী হওয়ার দুঃখবোধ ঘুচেছে: মুহিত
