মন্ত্রী-সাংসদদের সম্পদ নিয়ে অনুসন্ধান চালাবে দুদক
নির্বাচনী হলফনামায় দেওয়া সম্পদের তথ্যের ভিত্তিতে সেসব মন্ত্রী ও সংসদ সদস্যদের অস্বাভাবিক আয় বাড়ার খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তাদের বিষয়ে অনুসন্ধান চালাবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার দুদক চেয়ারম্যান এম বদিউজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সম্প্রতি বিভিন্ন পত্রিকায় মন্ত্রী ও সাংসদদের অস্বাভাবিক আয় বৃদ্ধির খবর আমরা আমলে নিয়েছি। খুব শিগগরিই এ ব্যাপারে অনুসন্ধানের সিদ্ধান্ত নেব।”
দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা থেকে গত পাঁচ বছরে কয়েকজন মন্ত্রী এবং সংসদ সদস্যের অস্বাভাবিক আয় এবং সম্পদ বৃদ্ধির তথ্য উঠে আসে।
সম্প্রতি বেশ কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে সম্পদ বৃদ্ধির খবর ধারাবাহিকভাবে উঠে আসে।
দুদক চেয়ারম্যান জানান, ক্ষমতার সুবিধা নিয়ে যারা অস্বাভাবিকভাবে সম্পদ বৃদ্ধি করেছেন, তারা বেশ কৌশলী।
তিনি বলেন, “নির্বাচনী হলফনামায় যে সম্পদের বিবরণ তারা পেশ করেছেন তা এমনভাবে দিয়েছেন যে শুধু হলফনামা ধরে অগ্রসর হলে তা ফলদায়ক হবে না।
“আমরা সন্দেহ করছি, হলফনামায় প্রকাশিত তথ্য অনুযায়ী যাদের সম্পদ অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে, তারা নিশ্চিতভাবেই তাদের মোট সম্পদের তথ্য গোপন করেছেন।”
তাই হলফনামায় দেয়া সম্পদের বিবরণের বাইরে অনুসন্ধান চালানোই দুদকের লক্ষ্য থাকবে বলে জানান বদিউজ্জামান।
অনুসন্ধানের জন্য পত্রিকায় প্রকাশিত খবর থেকে যাচাই-বাছাইয়ের কাজ চলছে বলে জানান তিনি।
“শিগগিরই তা শেষ হবে। যাচাই-বাছাই সম্পন্ন হলেই দুদক অনুসন্ধান শুরু করবে।”
