২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় সহিংসতা: জামায়াত নেতাকর্মী আটক

দশম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গাছকাটা, ভাংচুরসহ নানা নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত অভিযোগে সাতক্ষীরায় চার জামায়াত নেতাকর্মীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2014, 07:28 PM

Updated : 01 Sep 2026, 06:01 PM

জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রোববার তাদের আটক করা হয়। বিকালে আদালতে হাজির করার পর তাদের জেলা কারাগারে পাঠানো হয় বলে পুলিশ জানিয়েছে।

আটকরা হলেন কলারোয়া উপজেলার সহকারী সেক্রেটারি শওকাত হোসেন (৫০), তালা উপজেলার দক্ষিণ নলতা গ্রামের জামায়াতকর্মী সোহরাব হোসেন মোড়ল (৩০), দেবহাটা উপজেলার দক্ষিণ কুলিয়া গ্রামের শামছুল সরদার (৪২) ও সদরের আলীপুর গ্রামের আব্দুল গফুর।

সাতক্ষীরার সরকারী পুলিশ সুপার (সদর সার্কেল) কাজী মনিরুজ্জামান জানান, দুপুরে কলারোয়ার কয়লা বাজার থেকে শওকাত হোসেনকে আটক করা হয়।

শওকাত জালালাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও কয়লা হাইস্কুলের সহকারী শিক্ষক। তিনি উপজেলার শংকরপুর গ্রামের মহর আলী বিশ্বাসের ছেলে।

এএসপি কাজী মনিরুজ্জামান আরো জানান, আটকদের মধ্যে মাস্টার শওকাত হোসেন কলারোয়া উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি। বাকিরা ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের জামায়াতকর্মী।

আটকরা বিভিন্ন সময়ে হরতাল ও অবরোধের নামে রাস্তায় গাছ ফেলে চলাচলে বিঘ্ন সৃষ্টি, গাড়ি ভাংচুরসহ নানা নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত।

তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলাও রয়েছে।