২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চবিতে কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা বিএনপিপন্থী শিক্ষকদের

নির্বাচন বাতিলের দাবিতে কর্মসূচি পালনের সময় এক শিক্ষার্থী পাকিস্তানে চলে যেতে বলেছেন অভিযোগ তুলে তার প্রতিবাদে  রোববার থেকে কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিএনপি- জামায়াতপন্থী শিক্ষকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2014, 09:19 PM

Updated : 01 Sep 2026, 06:00 PM

শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে ৫ জানুয়ারির ভোট বাতিল,গ্রেপ্তার বিএনপি নেতা-কর্মী  ও আইনজীবীদের মুক্তি এবং হিন্দুদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করে বিএনপি ও জামায়াতে ইসলামীর সমর্থক শিক্ষকদের সংগঠন সাদা দল।

সাদা দলের আহ্বায়ক অধ্যাপক কেএম গোলাম মহিউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মানববন্ধন চলাকালে এক ছেলে আমাদেরক পাকিস্তান চলে যান বলে কটূক্তি করে। বিষয়টি নিয়ে আমরা উপাচার্য ও প্রক্টরকে লিখিত অভিযোগ দিয়েছি।”

ওই শিক্ষার্থীর বিচার না হওয়া পর্যন্ত সাদা দলের শিক্ষকরা অ্যাকাডেমিক কার্যক্রমে অংশ নেয়া থেকে বিরত থাকবেন বলে জানান তিনি।

গোলাম মহিউদ্দিন বলেন, “কটূক্তিকারী ঐ শিক্ষার্থীর নাম হিমেল। সে ইতিহাস বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী বলে জেনেছি।”

তবে সাদা দলের শিক্ষদের কাছ থেকে লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি বলে জানিয়েছেন সহকারী প্রক্টর লিটন মিত্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন,  “সাদা দলের শিক্ষকরা বিষয়টি আমাদের মৌখিকভাবে জানিয়েছে।”

সাবেক উপ-উপাচার্য অধ্যাপক মুহাম্মদ শামসুদ্দিন, রাজনীতি বিজ্ঞান বিভাগের সভাপতি আ ন ম মুনির আহমদ,বিজ্ঞান অনুষদের ডিন আব্দুল করিম প্রমুখ মানববন্ধনে উপস্থিত ছিলেন।

এদিকে শনিবার দুপুরে  নিয়মিত ক্লাস পরীক্ষা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

চাকসু ভবনের সামনে থেকে প্রশাসনিক ভবন পর্যন্ত মৌন মিছিল শেষে “স্বাভাবিক শিক্ষা জীবন আমাদের অধিকার” এই দাবিতে মানববন্ধন করে তারা।

পরে একই দাবিতে উপাচার্যের কাছে একটি স্মারকলিপি দেয় শিক্ষার্থীরা।