২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কম্বল নেয়া হলো না সুমনার

তীব্র শীতে কাঁপছে উত্তরের জনপদ। ঠান্ডায় দরিদ্র মানুষের কষ্টের আর সীমা নেই। সরকারি-বেসরকারি বিভিন্ন সংগঠন তাই শীতার্ত মানুষের পাশে দাঁড়াচ্ছে সহায়তা নিয়ে। বিতরণ করছে শীতবস্ত্র। 

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2014, 08:38 PM

Updated : 01 Sep 2026, 06:00 PM

নীলফামারীর ডোমার উপজেলার পাঙ্গামুটুকপুর ইউনিয়নের উত্তর মুটুকপুর গ্রাম। কনকনে শীতে মেঘলা দিনে পড়ছে গুড়িগুড়ি বৃষ্টি। এরসঙ্গে রয়েছে উত্তরের হাড় কাঁপানো হিমেল হাওয়া।

শনিবার দিনভর থেমে থেমে বৃষ্টি আর হিমেল হাওয়ায় জবুথবু দরিদ্র মানুষেরা।

তাদের একজন হলেন উত্তর মুটুকপুর গ্রামের অশীতিপর বৃদ্ধা সুমনা বালা রায়। সবার সঙ্গে তিনিও যাচ্ছিলেন কম্বল আনতে। কিন্তু পথেই তিনি মারা যান, কম্বল আনা আর হয়নি।

পাঙ্গামুটুকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হাকিম ভুট্টু জানান, শনিবার ২৭টি কম্বল বিতরণের তালিকায় নাম ছিল বৃদ্ধা সুমনার। কম্বল নেয়ার জন্য তিনি বাড়ি থেকে বের হয়ে ইউনিয়ন পরিষদের দিকে আসছিলেন ।

ইউনিয়ন পরিষদ থেকে সুমনা বালার বাড়ির দুরত্ব প্রায় তিনশ গজ। কিন্তু এ দূরত্ব অতিক্রম করার আগেই রাস্তার উপর পড়ে গিয়ে তার মৃত্যু হয়।

পরে তার কম্বলটি বাড়ি পৌঁছে দেয়া হয় বলে জানান ইউপি চেয়ারম্যান।

এলাকাবাসী জানান, বৃদ্ধা সুমনার দুই ছেলে এক মেয়ে। মেয়ের বিয়ে হয়েছে। দুই ছেলে নন্দ রায় (৩০) ও নরেশ রায় (৩৫)। তারা দুজনই দিনমজুর। বৃদ্ধা পালা করে দুই ছেলের পরিবারে খাওয়াদাওয়া করতেন।

নীলফামারীর সৈয়দপুর আবহাওয়া অফিস জানায়, শনিবার জেলার তাপমাত্রা ছিল ১০ দশমিক ০৭ ডিগ্রি সেলসিয়াস।