২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলের মালামাল যাবে বিজিবি প্রহরায়

বেনাপোল বন্দর দিয়ে আমদানি করা পণ্য অবরোধের মধ্যে বিজিবির প্রহরায় দেশের বিভিন্ন স্থানে পৌঁছানোর সিদ্ধান্ত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2014, 08:13 PM

Updated : 22 Aug 2022, 05:30 PM

নির্বাচন নিয়ে টানা হারতাল ও অবরোধ শুক্র ও শনিবার দুদিন শিথিল ছিল। রোববার থেকে আবার চলবে।

এর পরিপ্রেক্ষিতে শনিবার বিকালে বেনাপোল বিজিবি ক্যাম্পে বিজিবি, বেনাপোল শুল্কভবন প্রতিনিধি ও ব্যবসায়ী নেতৃবৃন্দের এক যৌথ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়াড়িং এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শামছুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

বেনাপোল শুল্ক ভবনের যুগ্ম কমিশনার সৈয়দ আতিকুর রহমান জানান, দেশের শিল্প কারখানার ৭০ শতাংশ কাঁচামাল ভারত থেকে বেনাপোল বন্দর দিয়ে আমদানি হয়।

হরতাল অবরোধে বন্দরের কাজকর্ম স্বাভাবিক থাকলেও যানবাহন চলাচল বন্ধ থাকায় ব্যবসায়ীরা শিল্প কারখানায় জরুরি কাঁচামাল সময়মতো নিতে পারে না।

সময়মতো আমদানি পণ্য সরবরাহ করার জন্য এই উদ্যোগ নেয়া হয়েছে।

যশোর ২৬ বিজিবির উপ-অধিনায়াক মেজর আনিছুর রহমান আনিছের সভাপতিত্বে অনুষ্ঠিত এ যৌথ সভায় উপস্থিত ছিলেন খুলনা বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল নুরুল হুদা, বেনাপোল শুল্ক ভবনের কমিশনার মাহাবুবুজ্জামান, বেনাপোল সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শামছুর রহমান, বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির সভাপতি কামাল হোসেন, বেনাপোল-নাভারন ও ঝিকরগাছা ট্রাক মালিক সমিতির প্রতিনিধি আব্দুল মোতালেব, শ্রমিক ইউনিয়নের বেনাপোল শাখার সেক্রেটারি শাহীন আহম্মেদ প্রমুখ।