২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগে তালেবানি রাজনীতি দমন, পরে গণতন্ত্র: ইনু

তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, গণতান্ত্রিক প্রক্রিয়ার চেয়ে এই মুহূর্তে তালেবানি রাজনীতি দমনই গুরুত্বপূর্ণ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2014, 07:15 PM

Updated : 01 Sep 2026, 06:00 PM

বিরোধী দলবিহীন নির্বাচন নিয়ে সমালোচনার মধ্যে শনিবার রাজধানীতে এক আলোচনা সভায় বিএনপি-জামায়াত জোটকে ইঙ্গিত করে তিনি একথা বলেন।

নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনরত বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের গ্রেপ্তার এবং সভা-সমাবেশে বাধার বিষয়টি তুলে ধরে বিরোধী জোটের অভিযোগ, সরকার গণতন্ত্র হরণ করেছে।

সিরডাপ মিলনায়তনে ‘কৃষক শ্রমিক অধিকার মঞ্চ’ আয়োজিত ওই আলোচনা সভায় ইনু বলেন, “জনগণকে সিদ্ধান্ত নিতে হবে, গণতন্ত্র থাকবে, না তালেবানি রাজনীতি থাকবে।

“তালেবানি রাজনীতি নিধন করতে হবে আগে। তারপর গণতন্ত্রের চিন্তা। জঙ্গিবাদ বিতাড়িত করার পরে গণতন্ত্র।”

আলোচনা সভায় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সংসদ সদস্য শিরীন আক্তার, পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান, অর্থনীতি সমিতির সভাপতি আবুল বারাকাত, অধ্যাপক এম এম আকাশ, সাংবাদিক আবেদ খানও বক্তব্য রাখেন।

নির্বাচনোত্তর সাম্প্রদায়িক সন্ত্রাসের বিষয়টি তুলে ধরে আবেদ খান বলেন, “যশোরের অভয়নগরে সংখ্যালঘুদের ওপর যে হামলা হয়েছে, সেখানে আওয়ামী লীগের লোকজনও জড়িত ছিল। এ থেকে আমাদের বুঝতে হবে যে আমাদের মনস্তাত্বিক পরিবর্তন প্রয়োজন।”