ফরিদপুরে মুক্তিযুদ্ধ স্মৃতি ভাস্কর্য ভাঙচুর
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কে মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য ভাংচুর করেছে দুর্র্বত্তরা।
শুক্রবার রাতে চরযশোরদী ইউনিয়নের জয়বাংলা মোড়ে স্থাপিত রড, সিমেন্ট ও টাইলসের তৈরি প্রায় ত্রিশ ফুট উঁচু এ ভাস্কর্যের কিছু অংশ ভাঙা হয় বলে পুলিশ জানিয়েছে।
মুক্তিযোদ্ধারা এ ঘটনার জন্য জামায়াত-শিবিরকে দায়ী করলেও পুলিশ তা নিশ্চিত করতে পারেনি।
নগরকান্দা থানার ওসি আব্দুল করিম জানান, রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা হাতুড়ি দিয়ে প্রায় ত্রিশ ফুট উঁচু ভাস্কর্যের চূড়ায় অবস্থিত মুক্তিযোদ্ধার ডান হাতে ধরা বেয়োনেটসহ রাইফেলের কিছু অংশ ভেঙে ফেলেছে।
এছাড়া মুক্তিযোদ্ধার বুক আর বেদিতেও হাতুড়ির আঘাতের চিহ্ন রয়েছে।
শনিবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে নগরকান্দা থানায় মুক্তিযোদ্ধা আব্দুর রশীদ ফকির বাদী হয়ে একটি মামলা করেছেন।
পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ঘটনাটি খতিয়ে দেখছে।দোষীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান ওসি।
নগরকান্দা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ভারপ্রাপ্ত কমান্ডার ফজলুল হক জানান, জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা ভাস্কর্যটি ভাঙচুর করার চেষ্টা করেছে।তারা মই বেয়ে উপরে উঠে মুক্তিযোদ্ধার ডান হাতে ধরা বেয়োনেটসহ রাইফেলের বেশকিছু অংশ ভেঙে ফেলে। মুক্তিযোদ্ধার বুকে হাতুড়ির আঘাত করে এবং বেদির টাইলস ভাঙচুর করে।
তিনি এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের শনাক্ত করে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান।
