পুরান ঢাকায় হাতবোমায় স্কুলছাত্র আহত
বিএনপি নেতৃত্বাধীন জোটের অবরোধকে সামনে রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে।
শনিবার বিকাল সাড়ে ৪টায় ওই বিস্ফোরণে মোহাম্মদ পারভেজ নামের সাইকেল আরোহী এক স্কুলছাত্র আহত হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
আহত পারভেজ ঢাকা কলেজিয়েট স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র। আহত অবস্থায় তাকে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কোতোয়ালি থানার এসআই ওয়াহিদুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘটনার সময় সেখানে কোনো পুলিশ ছিল না। খবর পেয়ে তারা ঘটনাস্থলে গেছেন।
দুই দিন বিরতির পর রোববার থেকে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের লাগাতার অবরোধ শুরু হওয়া কথা রয়েছে।
এতেদিন হরতাল-অবরোধে ক্লাস-পরীক্ষা বন্ধ থাকলেও সম্প্রতি এক ঘোষণায় শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার কথা জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষ।
