২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় হিন্দুবাড়ির খড়ের গাদায় অগ্নিসংযোগ

সাতক্ষীরার কলারোয়া ও শ্যামনগর উপজেলায় দুই হিন্দু পরিবারের খড়ের গাদায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2014, 09:21 PM

Updated : 01 Sep 2026, 06:00 PM

বৃহস্পতিবার গভীর রাতে এ দুই অগ্নিকাণ্ডের ঘটনায় দুটি অভিযোগ দায়ের করা হলেও পুলিশ কাউকে আটক করতে পারেনি।

স্থানীয়রা জানান, গভীর রাতে কলারোয়ার ক্ষেত্রপাড়া গ্রামের যুগিখালী বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক স্বপন সাহার বাড়ির সামনের খড়ের গাদায় আগুন দেয় দুর্বৃত্তরা। পরে প্রতিবেশীদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

স্থানীয় জামায়াত-শিবির সমর্থকরা এ অগ্নিসংযোগ করে বলে অভিযোগ করেন স্বপন সাহা।

শিক্ষক স্বপন সাহা জানান, নির্বাচন পরবর্তী সহিংসতা প্রতিরোধে গত ৬ জানুয়ারি তারা সাহাপাড়ায় সন্ত্রাস প্রতিরোধ কমিটি গঠন করেন। এরপর থেকে তারা রাত জেগে এলাকায় পাহারা দিয়ে আসছিলেন।

এতে ক্ষুদ্ধ হয়ে স্থানীয় জামায়াত-শিবির ক্যাডাররা তার বাড়ির খড়ের গাদায় আগুন দেয়, বলেন স্বপন।

তিনি বলেন, এ ব্যাপারে কলারোয়া উপজেলার সরসকাঠি পুলিশ ফাঁড়িতে অভিযোগ করেছেন। তবে, পুলিশ এখনো কাউকে আটক করতে পারেনি।

এ ব্যাপারে সরসকাঠি ফাঁড়ির উপ-পরিদর্শক সাবুর আলী সাংবাদিকদের জানান, ঘটনার পর থেকে স্থানীয় জামায়াত-শিবির কর্মীরা গা ঢাকা দিয়েছে। এলাকায় পুলিশ ও বিজিবির টহল বাড়ানো হয়েছে।

অপর ঘটনাটি ঘটেছে শ্যামনগর উপজেলার গোপালপুর গ্রামের পঞ্চানন বসুর ছেলে পুলকেস বসুর বাড়িতে।

দুর্বৃত্তরা পুলকের ধান ও খড়ের গাদায় অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। পরে গ্রামবাসীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

কালিগঞ্জ সার্কেলের এএসপি মো. মনিরুজ্জানান জানান, বিষয়টি তিনি শুনেছেন। এ ব্যাপারে পুলকের বর্গাচাষি জবেদ আলী বাদী হয়ে শ্যামনগর থানায় একটি মামলা করেছেন।

তবে, কারা এ ঘটনা ঘটিয়েছে তা তিনি বলতে পারেননি।