২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সাম্প্রদায়িক হামলা রুখে দাঁড়ানোর আহ্বান

নির্বাচন পরবর্তী সাম্প্রদায়িক হামলা ঠেকাতে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে চট্টগ্রামের বিশিষ্টজনরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2014, 07:05 PM

Updated : 01 Sep 2026, 06:00 PM

শুক্রবার দিনভর নগরীর বিভিন্ন স্থানে একাধিক বিক্ষোভ সমাবেশ থেকে এই আহ্বান জানানো হয়।

সকাল ১১টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে মানববন্ধনের পর নাগরিক সমাবেশ হয়।

সমাবেশ থেকে বক্তারা সাম্প্রদায়িক হামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়ে বলেন, স্বাধীনতার পর গত চার দশকে সাম্প্রদায়িক সন্ত্রাসে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে।

প্রমা’র সভাপতি রাশেদ হাসানের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শহীদজায়া বেগম মুশতারী শফী, পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি এ কিউ এম সিরাজুল ইসলাম, মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক মাহফুজুর রহমান, চট্টগ্রাম মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ইমরান বিন ইউনুস।

আর উপস্থিত ছিলেন প্রকৌশলী দেলোয়ার মজুমদার, নারী নেত্রী জেসমিন সুলতানা পারু, উন্নয়ন সংগঠক কমল সেনগুপ্ত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক হোসাইন কবির, নাট্যকলা বিভাগের চেয়ারম্যান ড. কুন্তল বড়ুয়া।

সকালে চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ করে পূজা উদযাপন পরিষদ ও জন্মাষ্টমী উদযাপন পরিষদ।

সমাবেশ থেকে অবিলম্বে সাম্প্রদায়িক সন্ত্রাসে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

সমাবেশে বক্তব্য রাখেন চবির সমাজবিজ্ঞান অনুষদের সাবেক ডিন গাজী সালেহ উদ্দিন, চট্টগ্রাম জেলা পিপি আবুল হাশেম, পরিষদের দেবাশীষ পালিত, কমল কান্তি দত্ত ও অর্পন ব্যানার্জি।

শুক্রবার বিকালে নগরীর চেরাগী পাহাড় মোড়ে বিক্ষোভ সমাবেশ করে উদীচী। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশ থেকে বক্তারা সাম্প্রদায়িক সন্ত্রাস বন্ধে সরকারের হস্তক্ষেপ চান।

তারা বলেন, বিভিন্ন স্থানে হামলা হলেও সরকারি দল ও অঙ্গ সংগঠনগুলো কোথাও সক্রিয় প্রতিরোধ করেনি। সরকারের উচিত হামলা বন্ধে প্রশাসনিক উদ্যোগের পাশাপাশি দল ও সংগঠনকে কাজে লাগানো।

সমাবেশ থেকে হামলা প্রতিহত করতে অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী সবাইকে নিয়ে পাড়ায় পাড়ায় ব্রিগেড গড়ার আহ্বান জানানো হয়।

উদীচী জেলা শাখার সাধারণ সম্পাদক সুনীল ধরের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন উদীচী কেন্দ্রীয় কমিটির সহসভাপতি চন্দন দাশ।

সমাবেশে বক্তব্য রাখেন অধ্যাপক আবুল মনসুর, মুক্তিযুদ্ধ গবেষক ডা. মাহফুজুর রহমান, চবির অধ্যাপক জিনবোধী ভিক্ষু, প্রকৌশলী দেলোয়ার মজুমদার, গণজাগরণ মঞ্চের সমন্বয়ক শরীফ চৌহান, বোধনের রাশেদ হাসান ও পঞ্চানন চৌধুরী।