‘কলুষিত’ তবু ‘দুঃখিত’ নন নাজমুল হুদা
নিজের রাজনৈতিক জীবনকে ‘কিছুটা কলুষিত’ মনে করলেও, তা নিয়ে ‘দুঃখিত’ নন বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) চেয়ারম্যান দাবিদার নাজমুল হুদা।
অবশ্য দশম সংসদ নির্বাচনে নিবন্ধন পাওয়া দল বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) প্রধান সমন্বয়ক ছিলেন আবুল কালাম আজাদ ঢাকা ১৭ আসনের সংসদ সদস্য, যিনি শুরু থেকেই দাবি করে আসছেন নাজমুল হুদার সঙ্গে এই বিএনফের কোনো সম্পর্ক নেই।
বৃহস্পতিবার বেলা ১২টায় জাতীয় প্রেসক্লাবে দেশের চলমান রাজনৈতিক অবস্থা নিয়ে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
নাজমুল হুদা বলেন, “বিএনপিতে আসা আর যাওয়ার ঘটনায় আমার রাজনৈতিক জীবন ‘কিছুটা কলুষিত’ হলেও তাতে আমার কোন ‘দুঃখ’ নেই। কারণ আমি জিয়াউর রহমানের আদর্শ থেকে কোনদিন বিচ্যুত হইনি।”
দুই নেত্রীর প্রতিহিংসার আগুনে দেশ জ্বলছে দাবি করে তিনি বলেন, “দুই নেত্রীকে দেশের স্বার্থে আলোচনার প্রস্তাব দিয়ে বিএনপি থেকে বহিষ্কৃত হয়েছিলাম।”
নাজমুল হুদা বলেন, “আমার সেসময়ের প্রস্তাবটি ছিল অত্যন্ত বাস্তবসম্মত। কারণ এখন বিশ্বের অনেকেই দুই নেত্রীর সংলাপের দিকে তাকিয়ে আছে।”
দশম জাতীয় সংসদ নির্বাচন জনগণকে ধোকা দিয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন নাজমুল হুদা নেতৃত্বাধীন বিএনএফের মহাসচিব শহীদ চৌধুরী, সাবেক ডিজিএফআই কর্মকর্তা এম এ হান্নান মৃধা এবং দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন খান।
নাজমুল হুদা বিএনএফেও, বিএনপিতেও!
‘বিএনএফ নিয়ে হুদার বলার এখতিয়ার নেই’
