২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মা সেতুর কাজ শুরু জুনে: কাদের

‘পদ্মা বহুমুখী প্রকল্প’ নামে নিজস্ব অর্থায়নে চলতি বছরের জুনেই পদ্মা সেতুর কাজ শুরু করার কথা জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফৌর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2014, 06:39 PM

Updated : 01 Sep 2026, 06:00 PM

বৃহস্পতিবার বিকেলে সেতু ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের একথা জানান।

কাদের বলেন, “সেতুর নকশায় কোন পরিবর্তন নেই। পরিবর্তন শুধু অর্থায়নে। আগে বিশ্ব ব্যাংকের সহায়তায় করার কথা থাকলেও বর্তমানে আমরা নিজস্ব অর্থায়নে সেতুর কাজ শুরু করবো।”

সেতুটি পদ্মা নদীর মাওয়া পয়েন্টে বাংলাদেশের তিনটি অঞ্চলের সঙ্গে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মধ্যে সড়ক ও রেল যোগাযোগ স্থাপন করবে।

ওবায়দুল কাদের জানান, এই প্রকল্পে মূল সেতু ও সড়ক এবং রেল পথ যোগাযোগের জন্য ছোট ছোট ব্রিজ (ভায়াডাক্ট) নির্মাণ বাবদ ব্যয় ধরা হয়েছে নয় হাজার ১৭২ কোটি ১৭ লাখ টাকা। নদী শাসন কাজের ব্যয় ধরা হয়েছে পাঁচ হাজার ৩৬২ কোটি ৬৮ লাখ টাকা।

পদ্মা সেতু নির্মাণের সাথে সংশ্লিষ্ট ভূমি অধিগ্রহণ, হুকুম দখল, ভূমি উন্নয়ন এবং পুনর্বাসনের কাজ প্রায় শেষ দিকে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সেতু সচিব আনোয়ারুল ইসলাম, পদ্মা সেতু প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম।