অবরোধের মধ্যেই জবিতে ক্লাস-পরীক্ষার উদ্যোগ
বিএনপি-জামায়াত জোটের হরতাল-অবরোধের মধ্যেই রোববার থেকে নিয়মিত শিক্ষা কার্যক্রম চালুর ঘোষণা দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মীজানুর রহমান।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষকদের এক কর্মসূচিতে অংশ নিয়ে এ ঘোষণা দেন তিনি।
উপাচার্য মীজানুর বলেন, “শিক্ষা ব্যবস্থা গতিশীল রক্ষার স্বার্থে হরতাল-অবরোধ প্রত্যাখ্যান করে রোববার থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা চলবে।”
দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের ওপর সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে এই মানববন্ধনের আয়োজন করেন বিশ্ববিদ্যালয়ের সরকার সমর্থক শিক্ষকরা।
সাম্প্রদায়িক হামলার নিন্দা জানিয়ে মীজানুর রহমান বলেন, “৪৭ এর দেশভাগের মতোই স্বাধীনতা যুদ্ধের সময় এদেশে কিছু ছিটমহল গড়ে উঠেছে। বেশ কয়েকটি অঞ্চলে ক্রমশ প্রকাশ পাচ্ছে এসব পাকিস্তানি ছিটমহল। এসব অঞ্চলেই বরাবর সহিংসতার প্রধান লক্ষ্যবস্তু হয় এদেশের সংখ্যালঘু সম্প্রদায়গুলো।”
এ ধরনের ধর্মীয় সহিংসতা রুখতে অতীতের তদন্ত প্রতিবেদন অনুযায়ী দোষীদের বিচারের দাবি জানান তিনি।
বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য দেয়া হবে বলে জানান কর্মসূচির আয়োজকরা।
নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষা প্রতিষ্ঠানে জামায়াত-শিবিরের তাণ্ডবের নিন্দা জানান অধ্যাপক মীজানুর রহমান।
তিনি বলেন, “পাকিস্তানের মতো আল-কায়েদা স্টাইলে শিক্ষা প্রতিষ্ঠানে হামলা করে পুরো শিক্ষা ব্যবস্থা ধ্বংসের পায়তারা চলছে। আর ভিডিও বার্তায় বিদেশে বসে আল-কায়েদা স্টাইলেই এসবের নির্দেশ দেয়া হচ্ছে।”
সরকার সমর্থক শিক্ষকদের সংগঠন নীল দলের সভাপতি মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ সেলিম ভূঁইয়া, রেজিস্ট্রার ওহিদুজ্জামান, শিক্ষক সমিতির সভাপতি আশরাফুল আলম, সাধারণ সম্পাদক একেএম মনিরুজ্জামান বক্তব্য দেন।
