ভাইয়ের গণ্ডগোল ঠেকাতে গিয়ে বোন খুন
নেত্রকোনার মদন উপজেলায় এক প্রতিবেশির সঙ্গে ভাইয়ের মারামারি থামাতে গিয়ে এক নারী নিহত হয়েছেন।
বুধবার সন্ধ্যার দিকে কদমশ্রী বড়হাটী গ্রামে এ ঘটনা ঘটে বলে মদন থানার ওসি এস এম মফিজুল ইসলাম জানান।
নিহত রানু আক্তার (৫৫) বড়হাটী গ্রামের শফিকুলের বড় বোন।
এলাকাবাসীর বরাত দিয়ে ওসি মফিজুল বলেন, প্রতিবেশি আল আমীনের সঙ্গে শফিকুলের হাতাহাতি বাধলে তা থামাতে এগিয়ে যান রানু। এক পর্যাযে আমীন তাকে আঘাত করে পালিয়ে যান। ঘটনাস্থলেই রানুর মৃত্যু হয়।
বৃহস্পতিবার সকালে রানুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওসি জানিয়েছেন।
