২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বৈষম্য বিলোপ’ আইনের খসড়া তৈরি

দেশের সব নাগরিকের অধিকার ‍সুরক্ষায় সমান সুযোগ ও পূর্ণ অংশীদারিত্ব নিশ্চিতে ‘বৈষম্য বিলোপ আইন’ পাসের জন্য খসড়া তৈরি করেছে আইন কমিশন বাংলাদেশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2014, 09:16 PM

Updated : 01 Sep 2026, 06:00 PM

নিম্ন আয়ের মানুষকে সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক বৈষম্য থেকে সুরক্ষা দিতেই এ উদ্যোগ নেয়া হয়েছে বলে  কমিশনের প্রধান গবেষণা কর্মকর্তা ফওজুল আজিম জানান।

‘বৈষম্য বিলোপ আইন, ২০১৪’ নামে ওই আইনের খসড়া নিয়ে বুধবার রাজধানীতে একটি সেমিনার হয়।

সেমিনারে সভাপতির বক্তব্যে কমিশনের চেয়ারম্যান বিচারপতি মো. খায়রুল হক বলেন, আইনের খসড়াটি ওয়েবসাইটে দিয়ে সাধারণ মানুষের মতামত চাওয়া হবে। মতামত পাওয়ার পর প্রস্তাব চূড়ান্ত করে তা সরকারকে দেয়া হবে।

বিচারপতি খায়রুল হকের সভাপতিত্বে ফওজুল আজিম সেমিনারে খসড়া আইনটি উপস্থাপন করেন। মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমানও অনুষ্ঠানে বক্তব্য দেন।

ফওজুল আজিম বলেন, বাংলাদেশে নিম্ন আয়ের পেশায় নিয়োজিত একটি বিশাল জনগোষ্ঠী বহুমুখী বৈষম্যের শিকার হন। সামাজিক, অর্থনৈতিক, ঐতিহাসিক, সাংস্কৃতিক, প্রথাগত বা অনেকক্ষেত্রে ধর্মীয় রীতিনীতির কারণে তারা সাংবিধানিক ও রাষ্ট্রীয় আইনের প্রাপ্য অধিকার পুরোপুরি ভোগ করতে পারেন না।

তিনি বলেন, চেতনাগতভাবে ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী-পুরুষভেদ বা জন্মস্থানের কারণে কারো প্রতি বৈষম্য করা যাবে না বলে বাংলাদেশের সংবিধানে উল্লেখ রয়েছে। কিন্তু ‘সামাজিক বৈষম্য ও অস্পৃশ্যতাবিরোধী’ কোনো আইনেই প্রয়োগিক নির্দেশনা সুনির্দিষ্টভাবে না থাকায় ভুক্তভোগী ব্যক্তির পক্ষে আদালতের সহায়তা পাওয়া কঠিন হয়।

“এ কারণে একটি আইনি কাঠামো দরকার, যেখানে প্রান্তিক শ্রেণী ও গোষ্ঠীর বিরুদ্ধে বৈষম্যে উপযুক্ত প্রতিকারের ব্যবস্থা করা যাবে।”