২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংখ্যালঘুদের সুরক্ষায় মন্ত্রণালয়ের দাবি সুরঞ্জিতের

নির্বাচনের আগে-পরে দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের ওপর হামলার পর তাদের সুরক্ষায় আলাদা মন্ত্রণালয়ের দাবি জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2014, 04:10 PM

Updated : 01 Sep 2026, 05:59 PM

বুধবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এক আলোচনা সভায় সাবেক এই মন্ত্রী সংখ্যালঘুদের ওপর আক্রমণ প্রতিহতে আইন প্রণয়নেরও দাবি জানান।

রোববার ভোটের পর যশোর ও দিনাজপুর ও মাগুরায় হিন্দুদের বাড়িঘরে ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। আক্রান্তদের অভিযোগ- ভোট দেয়ায় তাদের ওপর হামলা হয়েছে।

সুরঞ্জিত বলেন, “বিভিন্ন দেশে সংখ্যালঘু মন্ত্রনালয় আছে। বাংলাদেশেও এসব হামলার ঘটনার স্বাধীন তদন্তের জন্য একটি সংখ্যালঘু মন্ত্রণালয় দরকার।”

ভোটারদের সারিতে দাঁড়ানো হিন্দু সম্প্রদায়ের ছবি প্রকাশের সমালোচনা করে তিনি বলেন, “২-১টি গণমাধ্যম ছবি ছাপানোর ক্ষেত্রে মাত্রা ছাড়িয়ে গেছে। সংখ্যালঘুদের ওপর আক্রমণ উসকে দেয়ার এটা একটা কারণ।”

দেশে একটা অসাম্প্রদায়িক সরকার থাকতেও এই আক্রমণ কেন প্রতিহত করা গেলে, না তা খতিয়ে দেখার আহ্বান জানান ক্ষমতাসীন দলের এই নেতা।

“৪০ ভাগ ভোটরের সবাই সংখ্যালঘু নয়। বিএনপি-জামায়াত রাজনৈতিক উদ্দেশ্যে এ আক্রমণ করেছে।”

‘ঠিকানা বাংলাদেশ’ নামে একটি সংগঠনের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের ঢাকা মহানগর চেয়ারম্যান চিত্তরঞ্জন দাস।