চাঁপাইনবাবগঞ্জে ছাত্রলীগের মিছিলে `শিবিরের' হামলা
চাঁপাইনবাবগঞ্জ শহরে ছাত্রলীগের মিছিলে শিবির সমর্থকরা হামলা চালিয়েছে বলে পুলিশ জানিয়েছে।
বুধবার সকালে শহরের শহীদ সাটু হলের সামনে আওয়ামী লীগ সমর্থিত ছাত্রলীগ ও জাসদ ছাত্রলীগের যৌথ মিছিলে এ হামলা হয়।
হামলায় আহত চাঁপাইনবাবগঞ্জ শহরের পাঠানপাড়া মহল্লার রফিকুল ইসলামের বুলবুলের ছেলে মামুনুর রশিদ মুনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর থানার ওসি জসিম উদ্দীন জানান, দুপুর পৌনে ১২টার দিকে শহরের শহীদ সাটুহলের সামনে ছাত্রলীগ মিছিল বের করলে সরকারি কলেজের ভিতর থেকে শিবির কর্মীরা হামলা চালায়। এ সময় তারা কমপক্ষে ৮/১০টি বোমার বিস্ফেরণ ঘটায়।
“শিবিরের ছোড়া হাতবোমায় কলেজের ভেতরে বসে থাকা শিক্ষার্থী মুন আহত হন। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।”
খবর পেয়ে পুলিশ ও র্যাব ঘটনাস্থলে গিয়ে শটগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এসময় পুলিশ সরকারি কলেজের ভেতর থেকে একটি অবিস্ফোরিত হাতবোমা উদ্ধার করে।
পরে ছাত্রলীগের বিক্ষুব্ধ কর্মীরা জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির লতিফুর রহমানের মালিকানাধীন ক্লাব সুপার মার্কেটের রাঁধুনি হোটেলে ইটপাটকেল নিক্ষেপ করে কাচ ভাংচুর করে।
