চট্টগ্রামে ডাকাত সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা
চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় ডাকাত সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। এ ঘটনায় আহত হয়েছেন আরেক জন।
মঙ্গলবার গভীর রাতে উপজেলার ফতেপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. জাবেদ (২২) রাউজান উপজেলার মগডাই এলাকার শামসুল আলমের ছেলে। আহত ইসমাইলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাটহাজারী থানার ওসি মোহাম্মদ ইসমাইল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাত জনের একটি দল অস্ত্রশস্ত্র নিয়ে রাত ১টার দিকে ফতেপুরের ঘাটকুল গ্রামের জালালের বাড়িতে যায়।
“সেখান থেকে অস্ত্রের মুখে আট ভরি স্বর্ণালংকার, তিনটি মোবাইল ফোন ও নগদ ৩০ হাজার টাকা নিয়ে পালানোর সময় গ্রামবাসী তাদের ধাওয়া দেয়।”
অন্যরা পালিয়ে গেলেও দুই জন ধরা পড়ে। পিটুনিতে ঘটনাস্থলেই জাবেদ নিহত হয়। গুরুতর আহত অবস্থায় ইসমাইলকে হাসপাতালে ভর্তি করা হয়।
ওসি ইসমাইল বলেন, ঘটনাস্থল থেকে দুটি আগ্নেয়াস্ত্র এবং তালা ভাঙ্গার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
