কিশোরগঞ্জে রেলে নাশকতা, ট্রেন বন্ধ
লাগাতার অবরোধ ও হরতালের মধ্যে দুর্বৃত্তরা লাইনের ফিস প্লেট খুলে ফেলায় একটি ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে রাজধানীর সঙ্গে কিশোরগঞ্জের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
কিশোরগঞ্জের স্টেশন মাস্টার জয়ন্ত মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার ভোর ৪টার দিকে বাজিতপুর উপজেলার হালিমপুর এলাকায় ‘নাসিরাবাদ এক্সপ্রেসের’ ইঞ্জিনটি লাইনচ্যুত হয়।
রাতের কোনো এক সময় রেল লাইনের ফিস প্লেট খুলে নেয়া হয় বলে জানান তিনি।
এর পর থেকে ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ হয়ে ভৈরব পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ফলে ঢাকা, সিলেট ও চট্টগ্রামের সঙ্গে কিশোরগঞ্জের ট্রেন চলাচল করছে না।
কখন নাগাদ রেল চলাচল স্বাভাবিক হবে সে বিষয়ে স্পষ্ট কিছু না জানিয়ে স্টেশন মাস্টার বলেন, উদ্ধারকারী ট্রেন এসে লাইন মেরামতসহ ইঞ্জিনটিকে উদ্ধার না করা পর্যন্ত লাইন সচল করা সম্ভব হবে না।
এদিকে, ভোর থেকেই বিভিন্ন স্টেশনে যাত্রী নিয়ে আটকা পড়েছে কয়েকটি ট্রেন।
