২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড়ে আবার হামলা

পঞ্চগড়ের আটোয়ারীর পর এবার দেবীগঞ্জে সংখ্যালঘু সম্প্রদায় ও আওয়ামী লীগ সমর্থকদের উপর হামলা হয়েছে।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2014, 09:47 PM

Updated : 01 Sep 2026, 05:59 PM

সোমবার বিকালে দেবীগঞ্জের সোনাহার ইউনিয়নের বিভিন্ন স্থানে এ হামলা চালানো হয়। এ সময় বাধা দিতে যাওয়ায় তিন পুলিশ সদস্যও আহত হন।

মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক মো. সালাহউদ্দিন, পুলিশ সুপার আবুল কালাম আজাদ, উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক চিশতীসহ প্রশাসনের কর্মকর্তারা স্থানীয় মুন্সিপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে গ্রামবাসীর সঙ্গে বৈঠক করেন।

সভায় কর্মকর্তারা নিরীহ মানুষকে হয়রানি না করার প্রতিশ্রুতি দেন এবং লোকজনকে শান্ত থাকার অনুরোধ করেন।

দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ভবানী চন্দ্র রায় বলেন, পুলিশের উপর ও আওয়ামী লীগ নেতাদের বাড়িঘরে হামলার ঘটনায় তিনটি মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

রোববার রাত সোয়া ১টার দিকে আটোয়ারী উপজেলার রাধানগর ইউনিয়নের রঘুনাথপুরে কয়েকটি হিন্দু বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে চারটি ঘর ভস্মীভূত হয়।

এলাকাবাসী জানান, রোববারের ঘটনায় পরদিন সোমবার দুপুরে এলাকা পরিদর্শনে আসেন সদ্য নির্বাচিত সংসদ সদস্য নুরুল ইসলাম সুজন। এ সময় তার সঙ্গে থাকা কয়েকজন কর্মী সোনাহার বাজারে কয়েকজন বিএনপি সমর্থকের ব্যবসা প্রতিষ্ঠানে হামলার চেষ্টা করে।

সংসদ সদস্য ফিরে আসার পর বিকালে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা একত্রিত হয়ে দেশি অস্ত্রসস্ত্র নিয়ে সোনাহার বাজারে আওয়ামী লীগ নেতাকর্মী, সংখ্যালঘু সম্প্রদায়সহ সাধারণ ব্যবসায়ীদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও লুটপাট চালায়।

হামলাকারীরা প্রায় দুই কিলোমিটার দূরে নুল্লাপাড়ায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেদওয়ানুল হক পুলকের বাড়িতে গিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট চালায়। এ সময় তারা বাড়ির খড়ের গাদা, ধানের গোলাঘর ও কয়েকটি ঘরে অগ্নিসংযোগ করে।

এরপর হামলাকারীরা কানার মোড় গ্রামে গিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ইউপি সদস্য রশিদুল ইসলামের বাড়িতেও একইভাবে ঘটনা ঘটায়। হামলায় সময় বাড়ির লোকজন পালিয়ে গিয়ে প্রাণরক্ষা করেন।

দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ভবানী চন্দ্র রায় বলেন, হামলাকারীদের বাধা দিতে গেলে তিনি নিজে, এসআই বেলাল ও কনস্টেবল স্বপন কুমারকে পিটিয়ে আহত করে তারা।

আহত পুলিশ কনস্টেবল বর্তমানে দেবীগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এ ব্যাপারে সোনাহার ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাসেল ইসলাম দাবি করেন, এমপি সাহেবের সঙ্গে আসা লোকজন বাজারে বিএনপি সমর্থকদের দোকানে হামলা, ইউপি চেয়ারম্যানের বাড়িতে হামলার চেষ্টা ও তার বাড়ির কাজের লোককে হত্যার চেষ্টা করা হয়।

এতে এলাকার ক্ষুব্ধ লোকজন কয়েকটি দোকানে ও বাড়িতে অল্পকিছু হামলা করে।

ইউপি সদস্য রশিদুল ইসলাম দাবি করেন, হামলায় তার প্রায় ৩৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সোনাহার বাজারের কসমেটিক্স দোকানদার লক্ষণ চন্দ্র মোহন অভিযোগ করেন, ভাংচুরের পাশাপাশি তার দোকানের মালামাল লুট করে নেয়া হয়। দোকানের সঙ্গে বাড়ি থাকায় তারা প্রাণভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যান।

সোনাহার বন্দর পাড়া গ্রামের মতিলাল (৫৫) বলেন, স্বাধীনতার পর থেকে তারা এলাকায় মিলেমিশে বসবাস করে আসছেন। এবারই প্রথম এমন জঘন্য ঘটনা ঘটল। তার গ্রামের বাসিন্দরা বর্তমানে নির্ঘুম রাত কাটাচ্ছেন।