আশুলিয়ায় শ্রমিক অসন্তোষে কারখানা বন্ধ
গ্রেড ভিত্তিতে মজুরি না দিয়ে সবাইকে সমান মজুরি দেয়ার দাবিতে শ্রমিক বিক্ষোভে আশুলিয়ায় একটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
এছাড়া একটিতে ছুটি ঘোষণা এবং আরেকটি কারখানায় শ্রমিকরা কর্মবিরতী পালন করছে বলে শিল্প পুলিশ জানিয়েছে।
মঙ্গলবার সকালে আশুলিয়ার ইউনিক এলাকার ‘আরবা টেক্সটাইল লিমিটেড’ কারখানা অনিদির্ষ্টকালের বন্ধ ও গৌরিপুর এলাকায় ‘স্কানডেক্স বিডি লিমিটেড’ কারখানাটি দুপুরে ছুটি ঘোষণা করা হয়।
আর জিরাবো এলাকায় ‘সিলভার স্টাইল লিমিটেড’ কারখানায় বিক্ষোভসহ কর্মবিরতি করেছে শ্রমিকরা।
শিল্প পুলিশ-১ আশুলিয়া জোনের পরিদর্শক আব্দুস সাত্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেড ভিত্তিতে বেতন না দিয়ে সবাইকে সমপরিমাণ বেতন দেয়ার দাবিতে গত কয়েকদিন ধরে আন্দোলন করে আসছিল ‘আরবা টেক্সটাইল লিমিটেড’ কারখানার প্রায় চারশ’ শ্রমিক। সোমবারও শ্রমিকরা কারখানার ভিতরে বিক্ষোভ দেখায়। পরে কর্তৃপক্ষ কারখানাটি বন্ধের সিদ্ধান্ত নেয়।
মঙ্গলবার সকালে শ্রমিকরা কারখানায় এসে মূল ফটকে অনিদির্ষ্টকালের জন্য বন্ধের নোটিশ ঝোলানো দেখে বিক্ষুব্ধ হয়ে ওঠে। এ সময় শ্রমিকরা সড়কে বিক্ষোভ করতে চাইলে পুলিশের বাধার মুখে ফিরে যায় বলে জানান তিনি।
আব্দুস সাত্তার বলেন, “মালিকপক্ষ পুরনো শ্রমিকদের (এ-গ্রেড) বেশি বেতন ও নতুন শ্রমিকদের (বি-গ্রেড) কম বেতন দেয়ার ঘোষণা দিলে শ্রমিকরা তা প্রত্যাহার করে সকলকে এ গ্রেডের আওতায় বেতন দেয়ার দাবিতে বিক্ষোভ করে।”
এ প্রসঙ্গে ‘আরবা টেক্সটাইল লিমিটেড’ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি।
অপরদিকে একই দাবিতে গৌরিপুর এলাকায় ‘স্কানডেক্স বিডি লিমিটেড’ ও জিরাবো এলাকায় ‘সিলভার স্টাইল লিমিটেড’ কারখানার শ্রমিকরা বিক্ষোভ ও কর্মবিরতি পালন করলে কর্তৃপক্ষ দুপুরে স্কানডেক্স বিডি লিমিটেড কারখানাটি একদিনের জন্য ছুটি ঘোষণা করে।
যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আশুলিয়া শিল্পাঞ্চল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলেও শিল্প পুলিশের এ কর্মকর্তা জানান।
