২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাহবুবের পর গ্রেপ্তার মিলন ও নাজিমউদ্দিন

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেনের পর বিএনপি নেতা ফজলুল হক মিলন ও নাজিমউদ্দিন আহমেদকেও গ্রেপ্তার করেছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

মাহমুদ হাচান

হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2014, 02:45 PM

Updated : 01 Sep 2026, 05:59 PM

নির্বাচন বাতিলের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন জোটের অবরোধ ও হরতালের মধ্যে মঙ্গলবার দুপুর সোয়া ২টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে খন্দকার মাহবুবকে গ্রেপ্তার করা হয়।

এরপর সাড়ে ৩টার দিকে বারিধারার একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন ও নাজিমউদ্দিনকে।

মহানগর পুলিশের উপ কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান তাদের গ্রেপ্তারের বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ প্রতিবেদক সুমন মাহমুদ জানান, দুপুরে প্রেসক্লাবে বিএনপিপন্থী সংগঠন সম্মিলিত পেশাজীবী পরিষদের অনুষ্ঠান ছিল। ওই অনুষ্ঠান থেকে বের হওয়ার পরপরই গোয়েন্দা পুলিশ খন্দকার মাহবুবকে আটক করে একটি গাড়িতে তুলে নিয়ে যায়।

এরপর বারিধারায় বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবিদন ফারুকের একটি ব্যবসায়িক কার্যালয়ে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। সেখান থেকে গ্রেপ্তার করা হয় বাকি দুজনকে।

সেখানে উপস্থিত মহিলা দলের নেত্রী শিরীন সুলতানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই ভবনের তৃতীয় তলায় মিলন, নাজিমউদ্দিন ছাড়াও ফারুক, বিএনপির সাংসদ এ বি এম আশরাফউদ্দিন নিজান  ও লায়ন হারুনুর রশিদও ছিলেন।

“পুলিশ এসে প্রথমে আমাদের সবাইকে নিচে নিয়ে যায় এবং গাড়িতে তোলে। এরপর আবার গাড়ি থেকে নামিয়ে উপরে নিয়ে আসে। তারপর দুজনকে রেখে আমাদের বলে, ‘আপনাদের আর দরকার নেই’।”

পরে তাদের দুজনকে গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নিয়ে যাওয়া হয় বলে শিরিন সুলতানা জানান।

উপ কমিশনার মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিরোধী দলের ঢাকা অভিযাত্রা ও সমাবেশের আগের দিন গত ২৮ ডিসেম্বর এক অনুষ্ঠানে খন্দকার মাহবুব ‘উস্কানিমূলক’ বক্তব্য দেন। পরের দুই দিন দেশের বিভিন্ন স্থানে নাশকতা ও সহিংসতা ঘটে। এই অভিযোগেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ওই ঘটনায় মাহবুবের বিরুদ্ধে কোনো মামলা হয়েছে কি-না অথবা মিলন ও নাজিমউদ্দিনকে কোন অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে- সে বিষয়ে কিছু বলেননি তিনি।