চুয়াডাঙ্গায় প্রতিপক্ষের হামলায় রগ কাটা পড়ল কিশোরের
চুয়াডাঙ্গা শহরে এক কিশোরের ওপর হামলা চালিয়ে তার দুই পায়ের রগ কেটে দিয়েছে সন্ত্রাসীরা। পারিবারিক বিরোধের জের ধরে তার ওপর এ হামলা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি এরশাদুল কবির চৌধুরী জানান, সোমবার সন্ধ্যার দিকে শহরের ওয়াপদা আমবাগানের কাছে সুমনের (১৭) ওপর এ হামলা হয়। তিনি সদর উপজেলার শান্তিপাড়া এলাকার বাসিন্দা রুহুল আমীনের ছেলে।
অবস্থার অবনতি হওয়ায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে সোমবার রাত ১২টার দিকে ঢাকার জাতীয় পক্ষাঘাত হাসপাতালে (পঙ্গু হাসপাতালে) পাঠানো হয়েছে।
পূর্ব শত্রুতার জেরে এ হামলা হয়েছে বলে অভিযোগ করেছেন রুহুল আমীন।
স্বজনদের বরাত দিয়ে ওসি এরশাদুল কবীর জানান, সন্ধ্যায় সুমন শহরে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। পথে একদল দুর্বৃত্ত তাকে ধরে আমবাগানে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পায়ের রগ কেটে পালিয়ে যায়। পরে এলাকাবাসী তাকে হাসপাতালে নিয়ে আসে।
পুলিশ কর্মকর্তা বলেন, “এ ঘটনায় জড়িত কয়েকজনের নাম আমরা জানতে পেরেছি। এই মুহুর্তে তাদের নাম ঠিকানা মিডিয়ায় প্রচার হলে তারা পালিয়ে যেতে পারে। আমরা আশা করছি তাদের গ্রেপ্তার করতে পারবো।”
তিনি জানান, সুমনের পরিবার মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এজন্য তার মায়ের বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। কয়েকবার আটকও করা হয়েছিল তাকে।
