পেট্রোল বোমায় দগ্ধ কৃষক
বিএনপি-জামায়াত জোটের লাগাতার অবরোধ ও ৪৮ ঘণ্টার হরতালের মধ্যে অটোরিকশায় চাঁদপুর থেকে মতলব যাওয়ার পথে পেট্রোল বোমায় দগ্ধ হয়েছেন এক কৃষক।
বাচ্চু প্রধান (৫০) নামে ওই কৃষককে গুরুতর অবস্থায় সোমবার গভীর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক চিকিৎসকের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাচ্চুর শরীরের ৪৯ শতাংশ পুড়ে গেছে।
বাচ্চুর স্ত্রী ওহিদা বেগম ও মেয়ের জামাই জুয়েল মিয়া রাতে তাকে হাসপাতালে নিয়ে আসেন।
তারা জানান, বাচ্চু কৃষিকাজ করেন। সন্ধ্যা পৌনে ৭টার দিকে চাঁদপুর থেকে মতলবের পথে রওনা হওয়ার পর মুন্সীরহাট ও বাবুরহাটের মাঝামাঝি এলাকায় তার অটোরিকশায় পেট্রোল বোমা ছোড়া হয়।
কিছুক্ষণের মধ্যে বাসায় খবর গেলে তারা ঘটনাস্থল থেকে দগ্ধ বাচ্চুকে নিয়ে সরাসরি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন।
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন জোটের অবরোধ ও হরতালে গত কয়েক মাস ধরে দেশব্যাপী নাশকতায় নিহত হয়েছেন কয়েকশ মানুষ। যানবাহনে অগ্নিসংযোগ ও বোমায় দগ্ধ হতে হয়েছে বহু মানুষকে।
