গোবিন্দগঞ্জে পেট্রোল বোমায় দগ্ধ কর্মকর্তা, পুলিশ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ভোট গ্রহণ শেষে কেন্দ্র থেকে ফেরার পথে পেট্রোল বোমায় এক পুলিশ ও প্রিসাইডিং অফিসারসহ চার জন দগ্ধ হয়েছেন।
রোববার বিকালে বামনকুড়ি (বাদ্যামুন্সির) মাঠ এলাকায় এ হামলা হয় বলে পুলিশ জানিয়েছে।
আহত পুলিশ কনস্টেবল আবুল কালাম আজাদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
গোবিন্দগঞ্জ থানার ওসি ময়নুল ইসলাম জানান, বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার পুনতাইর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ভোট শেষে টেম্পুযোগে উপজেলা সদরে ফিরছিলেন তারা।
বামনকুড়ি মাঠ এলাকায় পৌঁছলে তাদের টেম্পুতে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা।
এতে পুলিশ কনস্টেবল আবুল কালাম আজাদ এবং ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসারসহ চার জন দগ্ধ হন।
স্থানীয় লোকজন উদ্ধার করে তাদের হাসপাতালে পাঠায়।
