২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষ, আহত ৩০

পাবনার ঈশ্বরদীতে ছাত্রলীগ ও ছাত্রদলের সংঘর্ষে গুলিবিদ্ধসহ উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2014, 07:10 PM

Updated : 01 Sep 2026, 05:58 PM

শনিবার দুপুর দেড়টার দিকে রেলগেট এলাকায় সংঘর্ষ শুরু হওয়ার পর তা শহরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে।

ঈশ্বরদী থানার ওসি বিমান কুমার দাস জানান, ঈশ্বরদীর রেলগেট এলাকায় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানে হরতাল সমর্থকদের একটি মিছিল থেকে হামলা করলে সংঘর্ষ শুরু হয়।

কয়েকদফা সংঘর্ষ চলাকালে গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে বলে জানান তিনি।

আহতদের মধ্যে ১৭ জনকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এদের মধ্যে রয়েছেন রুবেল (১৯), ইমরান (১৯), সীমান্ত (১৮), আলীউর রহমান (১৮), রাজন (২২), জুয়েল (৩৪), খায়রুল (২৫), অনিক (১৭), জালাল (২৫), আলমগীর (৩৩), পিন্টু (৩০), কবির (৩৫), সোহেল (৩০), আলআমিন (৩০), বিপ্লব (৩১), কুদ্দুস (৩৫) ও আরাফাত (২৪)।

ঈশ্বরদী জিআরপি থানার ওসি এনামুল হক জানান, সংঘর্ষের সময় একটি বেসরকারি ব্যাংকসহ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর হয়। সংঘর্ষের পর রই ঈশ্বরদী স্টেশনে থেমে থাকা খুলনাগামী মহানন্দা এক্সপেসের একটি ট্রেনেও ভাংচুর চালানো হয়।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফাইরুজা পারভীন তানিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এখানে ভর্তি হওয়া অধিকাংশই গুলিবিদ্ধ। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর।

এদের মধ্যে দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ফাইরুজা।

সংঘর্ষের ঘটনার একে অপরকে দায়ী করেছে বিএনপি ও আওয়ামী লীগ।

ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা নুরুজ্জামান বিশ্বাসের দাবি, ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করার সময় ছাত্রদল ও শিবিরের কর্মীরা অতর্কিত হামলা চালিয়ে ও গুলি করে আমাদের কর্মীদের মারাত্মক আহত করে।

অপরদিকে ঈশ্বরদী পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু বলেন, তাদের নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে হরতালের সমর্থনে মিছিল করছিল। এ সময় ছাত্রলীগ ও যুবলীগের লোকজন হামলা চালায়।