ভোট ঠেকাতে ‘মলপ্রয়োগ’
নির্বাচন ঠেকাতে বিরোধী জোটের হরতালের মধ্যে বিভিন্ন স্থানে ভোট কেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনা ঘটলেও চট্টগ্রামের সীতাকুণ্ডে ঘটেছে অন্য ঘটনা।
সেখানে একটি ভোট কেন্দ্রে দুর্বৃত্তরা শুক্রবার রাতে মানববিষ্ঠা ছিটিয়ে গেছে বলে স্থানীয়রা জানিয়েছে।
মুরাদপুর ইউনিয়নের রহমত নগর গ্রামে রহমতনগর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বিদ্যালয় ভবনের নিচ তলার পুরো বারান্দা জুড়ে বিষ্ঠা ছড়িয়ে দেয়া হয়। সকালে সবাই মিলে তা পরিষ্কার করে বলে মুরাদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আবুল কালাম আজাদ জানান।
রোববার সারাদেশে দশম সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে। নির্বাচন বর্জনকারী বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল তা প্রতিহত করার ঘোষণা দিয়ে হরতাল ডেকেছে।
এই হরতালের মধ্যে সারাদেশে শতাধিক ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ হয়েছে।
