নারায়ণগঞ্জে মার্কেটে আগুন
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি মার্কেটে আগুন লেগে ডায়াগনস্টিক সেন্টারসহ চারটি দোকান পুড়ে গেছে।
শনিবার ভোরে শিমরাইল মোড়ের এন এস সুপার মার্কেটে এ অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।
খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন জানান, মার্কেটটির একতলার এসবি মটরসে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে।
আগুনে ওই মার্কেটের একতলায় থাকা ব্যাটারি, টায়ার ও এলপি গ্যাসের দোকানসহ চারটি দোকান এবং দোতলায় অবস্থিত মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার পুড়ে গেছে।
খবর পেয়ে নারায়ণগঞ্জ ও ঢাকা ফায়ার বিগ্রেডের সাতটি ইউনিট একঘণ্টার চেষ্টায় চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এতে কেউ হতাহত হয়নি বলেও জানান তিনি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক রফিকুল ইসলাম জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুনে ক্ষয়ক্ষতিও নিরূপন করা হচ্ছে।
