ভাবনায় ভোটার উপস্থিতি
বিরোধীদলের নির্বাচন প্রতিহতের ডাকে সহিংসতার শঙ্কা থেকে যাচ্ছে ভোটারদের মনে। তাই ‘উত্তাপহীন’ দশম জাতীয় সংসদ নির্বাচনে মূল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ভোটারদের কেন্দ্রে নিয়ে যাওয়াই।
নির্বাচন কমিশন কর্মকর্তা ও পর্যবেক্ষকরাও মনে করছেন, নির্বাচনের মাধ্যমে কোন দল সরকার গঠন করবে সে বিষয়টি আগেই সুরাহা হয়ে যাওয়ায় এবারের ভোটে থাকতে পারে উপ-নির্বাচনের আমেজ।
দশম সংসদ নির্বাচনে আওয়ামী লীগ-জাতীয় পার্টি নিয়ে ১২টি দলের অংশগ্রহণে দেশের ১৪৭টি আসনে ভোট হচ্ছে। এসব আসনে চার কোটি ৩৯ লাখের বেশি ভোটার রয়েছে। বাকি ১৫৩ আসনের ৪ কোটি ৮০ লাখের বেশি ভোটার অংশ নির্বাচনে নেবে না।
এর আগে ১৯৯৬ সালের বহুল আলোচিত ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপিসহ ৪১টি রাজনৈতিক দল অংশ নিলেও ভোট পড়ে মাত্র ২৬ শতাংশ।
নির্বাচনে ভোটের হার নিয়ে শঙ্কা থেকে এবার ভোটারদের কেন্দ্রে নিতে কর্মসূচি নিয়েছে তথ্য মন্ত্রণালয়। অংশগ্রহণকারী দলগুলোর পক্ষ থেকে কেন্দ্রে যেতে আহ্বান জানানো হচ্ছে। দলীয় প্রার্থীর পক্ষে ভোট চাওয়ার পাশাপাশি গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় ভোটারদের কেন্দ্রে যেতে আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।
তারপরেও ভোটের দুই দিন আগেও প্রার্থীদের পক্ষ থেকে বাড়ি বাড়ি পৌঁছায়নি ভোটার স্লিপ। এ নিয়ে নির্বাচন কর্মকর্তারাও উদ্বেগ প্রকাশ করেছেন।
নির্বাচন কমিশন সচিবালয়ের একজন জ্যেষ্ঠ সহকারী সচিব বলেন, “ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ দিতে গিয়ে অভিযোগ শুনেছি-প্রচারও কম। সেই সঙ্গে নির্বাচনী এলাকায় প্রার্থীরা এখনো ভোটার স্লিপ দেয়নি। এতে ভোটকেন্দ্রে চাপ বাড়বে, লাগবে বেশি সময়।”
মাঠপর্যায়ের কর্মকর্তারা জানান, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে প্রার্থীরা আগেই ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে কেন্দ্র, ভোট নম্বর জাতীয় তথ্য দিয়ে থাকে। এবার সব থেকে কম প্রার্থী থাকায় ভোটার স্লিপ নিয়ে কারো আগ্রহ নেই। কেন্দ্রে ভোটার নাম, নম্বর খুঁজে ভোট দিতে আগে যেখানে ১ মিনিট লাগতো, এবার ৫ মিনিট লাগতে পারে।
তবে কেন্দ্রের বাইরে প্রার্থীর পক্ষ থেকে ভোটার স্লিপ দেয়ার সুযোগ রয়েছে।
ঢাকা-৭ আসনে স্বতন্ত্র প্রার্থী হাজী সেলিম বলেন, “এতোদিন বিতরণ করিনি। বৃহস্পতিবার বিকাল থেকে ভোটার স্লিপ পাঠানোর ব্যবস্থা নিচ্ছি।”
এবার মাত্র ১২টি দলের ২৮৫ জন এবং ১০৩ জন স্বতন্ত্র প্রার্থী ১৪৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাকি ১৫৩ আসনে একক প্রার্থী থাকায় বিনাপ্রতিদ্বন্দ্বিরা প্রার্থীরা নির্বাচিত হয়ে গেছেন।
নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা জানিপপ চেয়ারম্যান নাজমুল আহসান কলিম উল্লাহ বলেন, বিরোধী দলবিহীন ও ১৫৩ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হওয়ায় দশম সংসদ নির্বাচন অনেকটা উপ নির্বাচনের আমেজে হবে বলে তিনি মনে করছেন।
“উপ-নির্বাচনে যেমন ভোটার উপস্থিতি কম থাকে, এখানেও তাই হবে। মানুষের আগ্রহ কম থাকবে।”
ফাইল ছবি
তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দিকে থাকায় ভোটার উপস্থিতি দেখতে ৫ জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করা সঙ্গত বলেও মন্তব্য করেন তিনি।
নির্বাচন কমিশন কর্মকর্তারা জানান, তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব মোবাইল ফোন অপারেটরের গ্রাহকদের কাছে ভোটে অংশ নিতে এসএমএস দেয়া হয়েছে। ‘ভোট গণতান্ত্রিক অধিকার, নির্বাচনে ভোট দিয়ে আপনার অধিকার প্রতিষ্ঠা করুন’, ‘শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখুন’, ‘নির্বাচনে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে, নির্ভয়ে, নির্বিঘ্নে ভোট দিতে কেন্দ্রে যাবেন’- বার্তা পাঠানো হয়েছে।
বরাবরের মতো এবারো ভোটের আগে দিন বিশেষ নম্বরে এসএমএস পাঠিয়ে কেন্দ্র ও ভোটার নম্বর জানানোর ব্যবস্থা নেয়া হবে বলেও জানান কর্মকর্তারা। এছাড়া ভোটকেন্দ্রের বাইরে প্রার্থীর পক্ষ থেকে ভোটার স্লিপ বিতরণেরও সুযোগ থাকছে।
সংশয়ে নির্বাচন কর্মকর্তারা
সহিংস রাজনৈতিক পরিস্থিতিতে ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন নির্বাচন কর্মকর্তারা। গত ২০ ডিসেম্বর আইন শৃঙ্খলা বৈঠকেই ভোটারদের ব্যাপক সচেতনতা বাড়াতে ‘ভোটার এডুকেশন’ প্রচারণার প্রস্তাব দেন তারা।
ভোটার উপস্থিতি নিয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ সাংবাদিকদের বলেন, “আগে তো বলা যাচ্ছে না। দেখি কী হয়!”
আইনশৃঙ্খলা বৈঠকে সিইসি বলেন, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করে ভোটগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করতে হবে। নারী, সংখ্যালঘু ও অনগ্রসর ভোটারদের নিরাপত্তা বিষয়ে নজর দিতে হবে।
হবিগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা ওই বৈঠকে ভোট টার্ন আউট বাড়ানোর প্রস্তাবে ভোটার এডুকেশন ক্যাম্পেইনের পাশাপাশি প্রার্থী ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দেন।
ভোটারদের সচেতনতার জন্য কর্মসূচি গ্রহণের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একজন কর্মকর্তা বলেন, “১৫ ফেব্রুয়ারিতে টার্ন আউট ছিল মাত্র ২৬ শতাংশ। এবারো তো বেশি হবে বলা যায় না। এজন্যে সচেতনতার কথাটাই তুলে ধরেছি।”
তার কথার সঙ্গে সুর মিলিয়ে অনেক রিটার্নিং ও পুলিশ কর্মকর্তাও একই কথা বলেন।
ওই বৈঠকে ঢাকার রিটার্নিং কর্মকর্তা বলেন, “ঢাকায় ভোটারদের মাঝে ভোট নিয়ে উৎসব লক্ষ্য করা যাচ্ছে। রিটার্নিং কর্মকর্তারা যাতে ভোটারদের ভোটকেন্দ্রে আসার জন্যে মোটিভেট করতে পারেন সেজন্য ইসির নির্দেশনা প্রয়োজন।”
এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ সাদিক বলেন, “আমরা সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবো। ভোট নির্বিঘ্ন করতেই যত উদ্যোগ নিচ্ছি।”
অতিরিক্ত সচিব মো. সিরাজুল ইসলাম বলেন, “ভোটে অংশ নেয়া ও ভোট পড়ার বিষয়টি রাজনৈতিক দলের ওপর নির্ভর করবে। তাদের প্রার্থীদের পক্ষে ও স্বতন্ত্র প্রার্থীদের প্রতিযোগিতা হলে ভোট পড়ার হারও বাড়তে পারে।”
উপনির্বাচনের আমেজ
নির্বাচন কমিশনের কয়েকজন কর্মকর্তা বলেন, এবার বিরোধী দল না থাকায় উপনির্বাচনের মতোই ভোট হতে পারে। নবম সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির ভোটের হিসাব দেখলে ৫০ শতাংশের ওপর ভোট পড়ার সম্ভাব্না রয়েছে।
২০০৮ সালের নবম সংসদ নির্বাচনে ৩৮টি নিবন্ধিত দল অংশ নেয়। এতে রেকর্ড ৮৭ শতাংশ ভোট পড়ে। এর মধ্যে আওয়ামী লীগ সর্বোচ্চ ৪৮ শতাংশ ও জাতীয় পার্টি ৭ দশমিক ৫ শতাংশ ভোট পায়। আর বিএনপি দ্বিতীয় সর্বোচ্চ ৩২ শতাংশ ভোট পায়।
ওই নির্বাচনে ৮৭ শতাংশ ভোট পড়লেও পরে উপনির্বাচনে সর্বনিম্ন ৩৪ শতাংশ ভোট পড়ার নজিরও রয়েছে।
সর্বশেষ গত অক্টোবরে বরগুনা-২ উপনির্বাচনে আওয়ামী লীগ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের অংশগ্রহণে ভোট পড়ে ৫১ শতাংশ।
এর আগে ২০০৯ সালের জানুয়ারিতে রংপুর-৩ আসনে বিএনপি, জাতীয় পার্টি, খেলাফত মজলিস ও গণফ্রন্ট অংশ নিয়ে রওশন এরশাদ জয়ী হন। ওই নির্বাচনে ৩৪ শতাংশ ভোট পড়ে, যার ৭৭ শতাংশ পায় জাতীয় পার্টি। বাগেরহাট-১ আসনে বিএনপি-আওয়ামী লীগের উপস্থিতিতে ভোট পড়ে ৬৮ শতাংশ।
নির্বাচনকালীন সরকার নিয়ে দুই প্রধান দলের মতভেদের মধ্যে সম্প্রতি বাংলাদেশে ঘুরে যান যুক্তরাজ্যের পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী সাইয়েদা ওয়ারসি।
গত ১২ ডিসেম্বর ঢাকায় এক অনুষ্ঠানে তিনি বলেন, কোন পদ্ধতিতে নির্বাচন হবে, তা এই দেশের জনগণই সিদ্ধান্ত নেবে।
তবে কতো সংখ্যক মানুষ ভোটে অংশ নিয়েছে, কত ভোট পড়েছে, কতটুকু শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে, জনগণ ভোট দিতে পেরেছে কি না এসব বিষয়ই নির্বাচন কতটুকু অবাধ ও সুষ্ঠু হয়েছে তার মাপকাঠিতে আসবে।
একই ধরনের মত দিয়ে নির্বাচন কমিশনার আবু হাফিজও বলেছেন, “গ্রহণযোগ্যতার বিষয়টি দেখা যাবে ভোটের পর। আগাম কিছু না বলাই ভালো।”
আগের ভোটের হার
বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি ভোট পড়ে নবম সংসদ নির্বাচনে। ২০০৮ সালের ডিসেম্বরের ওই নির্বাচনে ৮৭ শতাংশ ভোট পড়ে। অষ্টম সংসদ নির্বাচনে ৫৪টি রাজনৈতিক দলের অংশগ্রহণে ভোট পড়ে ৭৫ শতাংশ। ৮১টি রাজনৈতিক দলের অংশগ্রহণে সপ্তম সংসদ নির্বাচনে ৭৫ শতাংশ ভোট পড়ে। ৫৫ শতাংশ ভোট পড়ে পঞ্চম সংসদ নির্বাচনে। এতে ৭৫টি দল অংশ নেয়।
১৯৮৮ সালের চতুর্থ সংসদ নির্বাচনে ৮টি দলের অংশগ্রহণে ভোট পড়ে ৫৫ শতাংশ। তৃতীয় সংসদ নির্বাচনে ২৮টি দল অংশ নেয়। তাতে ৫০ শতাংশ ভোট পড়ে। ২৯টি দল অংশ নিলে দ্বিতীয় সংসদ নির্বাচনে ভোট পড়ে ৫১ শতাংশ।
১৯৭৩ সালের প্রথম সংসদ নির্বাচনে ১৪টি দল অংশগ্রহণে ৫৪ শতাংশ ভোট পড়ে। দেশের প্রথম নির্বাচনে আওয়ামী লীগের ১১ সংসদ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
দেশের ইতিহাসে প্রথমবারের মতো নির্বাচন বাতিল হয় ২০০৬ সালের ২২ জানুয়ারি।
‘নির্বাচনের পরে দেখা যাবে গ্রহণযোগ্যতা’
