২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রীবাহী লঞ্চে জবাই করা অতিথি পাখি ও হরিণের মাংস

মুন্সীগঞ্জে মেঘনা নদীতে যাত্রীবাহী একটি লঞ্চে তল্লাশি চালিয়ে চারশ কেজি হরিণের মাংস এবং নানা প্রজাতির দেড়শ জবাই করা অতিথি পাখি উদ্ধার করেছে কোস্টগার্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2014, 10:10 PM

Updated : 01 Sep 2026, 05:58 PM

শুক্রবার ভোরে চালানো এ অভিযানে কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে কোস্টগার্ড জানিয়েছে।

কোস্টগার্ড পাগলা স্টেশনের কমান্ডার সাব লেফটেন্যান্ট হাসানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উদ্ধার করা মাংস ও জবাই করা পাখি বণ্যপ্রাণী ব্যবস্থাপনা ও সংরক্ষণ বিভাগে হস্তান্তর করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জের মেঘনা নদীর মোহনায় এমভি ফারহান-৩ নামের যাত্রীবাহী লঞ্চে তল্লাশি চালিয়ে এসব মাংস উদ্ধার করা হয়।

সংঘবদ্ধ একটি চক্র সুন্দরবন ও আশপাশের এলাকা থেকে এসব প্রাণী শিকার করে পরে তা পাচারের উদ্দেশ্যে লঞ্চযোগে ঢাকা নিয়ে যাচ্ছিল বলে জানান স্টেশন কমান্ডার হাসানুর।

তিনি বলেন, “সাধারণত ঢাকার বিলাসবহুল হোটেলে এসব মাংস বিক্রি করে মোটা অংকের টাকা হাতিয়ে নেয় তারা।”

মহাখালী বণ্যপ্রাণী ব্যবস্থাপনা ও সংরক্ষণ বিভাগ রেঞ্জ অফিসার ফজলুল হক জানান, বন্যপ্রাণী সংরক্ষণ আইনে জীবিত কোনো প্রাণী আটক ও বা উদ্ধার করা হলে তা গভীর জঙ্গলে ছেড়ে দেয়ার বিধান রয়েছে।

যেহেতু প্রাণীগুলোর জবাই করা মাংস উদ্ধার করা হয়েছে তাই সেগুলোকে উর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে মাটিতে পুঁতে ফেলা হবে বলে জানান তিনি।