২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে ৪ ভুয়া র‌্যাব সদস্য আটক

সাভারসহ ঢাকা জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে র‌্যাবের পোশাক পরা চার প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2014, 03:29 PM

Updated : 01 Sep 2026, 05:58 PM

এসময় র‌্যাবের পোশাক, হ্যান্ডকাফ ও মোবাইল ফোনসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর থেকে শুক্রবার ভোর পর্যন্ত জেলা গোয়েন্দা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন- বরিশালের বিমানবন্দর থানার ডেফুলিয়া এলাকার আব্দুস সাত্তারের পুত্র হুমায়ুন কবীর (২৮), খুলনার খালিশপুরের মোজগনি এলাকার মৃত বিল্লাল উদ্দিন সর্দারের ছেলে মোশারফ হোসেন সর্দার (৪৩), রংপুরের পীরগঞ্জ থানার সিংগারোল এলাকার মোহাব্বত আলীর ছেলে রবিউল ইসলাম (২৮) ও পটুয়াখালীর মির্জাগঞ্জ থানার সুন্দাকালিকাপুর এলাকার নুর মোহাম্মদ গাজীর ছেলে ফিরোজ আহম্মেদ।

এদের মধ্যে রবিউল চাকুরিচ্যুত সেনা সদস্য।

উদ্ধার করা জিনিসগুলোর মধ্যে রয়েছে র‌্যাবের তিন সেট পোশাক, তিন সেট র‌্যাব লেখা জ্যাকেট, এক জোড়া হ্যান্ডকাফ, একটি ধারালো ছোরা ও ছিনতাই করা ১০টি মোবাইল ফোন সেট।

ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশের এসআই তৌহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ২৯ ডিসেম্বর গ্রেপ্তারকৃতরা র‌্যাব পরিচয়ে কবীরপুরে ওয়ালটন কোম্পানির কর্মকর্তাদের পরিবহনকারী সাভারমুখী একটি মাইক্রোবাসকে থামায়। তল্লাশির কথা বলে যাত্রীদের নামিয়ে দিয়ে তারা সাভার র‌্যাব কার্যালয়ে যাওয়ার কথা বলে গাড়িটি নিয়ে যায়। এ ঘটনার পর র‌্যাব ও গোয়েন্দা পুলিশ তাদের গ্রেপ্তারে মাঠে নামে।

এসআই তৌহিদুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার বিকালে গোয়েন্দা পুলিশ সাভারের হেমায়েতপুর এলাকা থেকে রবিউলকে গ্রেপ্তার করে। পরে তার কাছে পাওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অন্য সহযোগীদেরও ধরা হয়।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দীর্ঘদিন ধরে র‌্যাবের পোশাক পরে এ চক্রটি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে যাচ্ছে।

গ্রেপ্তারকৃতদের সাভার গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।