২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনের ফল নিয়ে এখনই মন্তব্য নয়: যুক্তরাষ্ট্র

বিরোধী জোটের বর্জনের মধ্যে দশম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে হতাশা প্রকাশ করলেও ভোটের ফলকে যুক্তরাষ্ট্র ‘স্বীকৃতি’ দেবে কি না- সে বিষয়ে এখনই মন্তব্য করতে রাজি নন দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2014, 02:14 PM

Updated : 01 Sep 2026, 05:58 PM

বৃহস্পতিবার ওয়াশিংটনে নতুন বছরের প্রথম নিয়মিত ব্রিফিংয়ে স্টেট ডিপার্টমেন্টের উপ-মুখপাত্র ম্যারি হার্ফ এক প্রশ্নের জবাবে বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান আয়োজনের পদক্ষেপ না থাকাটা ‘ভালো লক্ষণ’ নয়।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘গৃহবন্দি’ করে রাখার বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছে কোনো তথ্য নেই বলেও জানান হার্ফ।

বিএনপির নেতৃত্বে বিরোধী দলীয় জোট এই নির্বাচনে না থাকায় এরই মধ্যে জাতীয় সংসদের ১৫৩টি আসনে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি ১৪৭টি আসনে রোববার ভোট হবে।

এ অবস্থায় নির্বাচনের ফলাফল যুক্তরাষ্ট্রের কাছে ‘গ্রহণয়োগ্য’ হবে কি না জানতে চাইলে মার্কিন মুখপাত্র বলেন, “নির্বাচনের ফলাফল নিয়ে আমি আগাম কোনো মন্তব্য করতে চাই না। তবে এটা স্পষ্ট যে তারা অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের পদক্ষেপ নেয়নি, যা নিঃসন্দেহে ভালো লক্ষণ নয়।”

বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াকে ‘গৃহবন্দি’ করে রাখার বিষয়ে তার দল বিএনপির অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে হার্ফ বলেন, “এ ব্যাপারে কোনো তথ্য আমার কাছে নেই। খোঁজ-খবর নিয়ে জানাতে পারব।”

গত ৩০ ডিসেম্বর বিদায়ী বছরের শেষ ব্রিফিংয়েও ম্যারি হার্ফ বাংলাদেশে নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সমঝোতার ব্যর্থতায় হতাশা প্রকাশ করেন।

তবে রাজনৈতিক সহিংসতা বন্ধের ক্ষেত্রে ‘কিছুটা অগ্রগতি’ হয়েছে বলেও সে সময় মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবারের ব্রিফিংয়েও প্রায় একই ধরনের কথা বলেন তিনি।

বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষণ জানতে চাইলে তিনি বলেন, “আমাদের কাছে নতুন কোনো তথ্য নেই। তবে আবারো বলতে চাই, যুক্তরাষ্ট্র মনে করে গঠনমূলক সংলাপের জন্য আগের তুলনায় এই মুহূর্তে আরো বেশি উদ্যোগ প্রয়োজন।

“অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য একটি নির্বাচনের উপায় বের করতে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসতে হবে। সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

দশম জাতীয় সংসদ নির্বাচনে যুক্তরাষ্ট্র পর্যবেক্ষক না পাঠালেও পুরো পরিস্থিতির দিকে তাদের নজর থাকবে বলে জানান তিনি।