২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের ভোটকেন্দ্রে শুক্রবার আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন

৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা জোরদার করতে শুক্রবার থেকে ভোটকেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2014, 09:20 PM

Updated : 01 Sep 2026, 05:58 PM

ইতোমধ্যে মন্ত্রণালয় থেকে বিভিন্ন নির্দেশনাও পাঠানো হয়েছে পুলিশের কাছে।

এবারের সংসদ নির্বাচনে চট্টগ্রাম জেলার ১৬টি সংসদীয় আসনের নয়টিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে নগরের তিনটি এবং জেলার অধীন ছয়টি আসন রয়েছে।

বিরোধী দলবিহীন নির্বাচনে কোনো কেন্দ্রকে সুনির্দিষ্ট করে ঝুঁকিপূর্ণ বিবেচনা না করে সবগুলোতেই নিরাপত্তা দেয়া হবে।

চট্টগ্রামের নয়টি আসনের ১০৪৫ কেন্দ্রের নগরের প্রতিটিতে পুলিশ, আনসার মিলিয়ে কমপক্ষে ১৭ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্বে থাকবেন। এছাড়া জেলার আসনগুলোতে নিরাপত্তার দায়িত্বে থাকবেন কমপক্ষে ১৪ জন।

চট্টগ্রামের নগরীর দুটি ও জেলার আংশিক নিরাপত্তায় চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) এবং জেলার অন্যান্য সংসদীয় আসনের নিরাপত্তায় জেলা পুলিশ সদস্যরা কাজ করবেন।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কে এম হাফিজ আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার থেকে বিভিন্ন ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে। জেলার প্রতিটি কেন্দ্রকেই গুরুত্বপূর্ণ বিবেচনায় নিরাপত্তা ছক করা হয়েছে।

এদিকে দেলাওয়ার হোসেন সাঈদীর রায় ঘোষণা এবং কাদের মোল্লার রায় কার্যকরের পর সহিংসতার কারণে বাঁশখালী, সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলায় নির্বাচনে সহিংসতা ও বিশৃঙ্খলার আশঙ্কা করছেন অনেকে।

গত ২৫ ডিসেম্বর চট্টগ্রাম সার্কিট হাউসে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এই উপজেলাগুলো নিয়ে শঙ্কা প্রকাশ করেন স্থানীয় জনপ্রতিনিধিরা।

পুলিশ সুপার হাফিজ এ প্রসঙ্গে বলেন, ‘‘এসব মাথায় রেখে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে সংশ্লিষ্ট এলাকায়।’’

সিএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) বনজ কুমার মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মন্ত্রণালয় থেকে আমাদের কাছে নির্দেশনা পাঠানো হয়েছে। নির্দেশনা অনুযায়ী নগরীর ভোট কেন্দ্রগুলোকে সাধারণ ও গুরুত্বপূর্ণ দুইভাগে ভাগ করা হয়েছে। তবে আমরা সব কেন্দ্রকে গুরুত্বপূর্ণ বিবেচনা করে পুলিশ মোতায়েন করব।

“এছাড়া সেনাবাহিনী এবং বিজিবি সদস্যরা মোবাইল টিমে থাকবে।”

তিনি বলেন, তিনটি কেন্দ্রের জন্য একটি স্ট্রাইকিং ফোর্স নিয়োজিত থাকবে ও পুলিশের একজন সহকারী কমিশনার ২০টি কেন্দ্রের আইনশৃঙ্খলার বাহিনীর দায়িত্বে থাকবেন।

বনজ মজুমদার বলেন, ভোটের দিন যেহেতু বিরোধী দল অবরোধ আহ্বান করেছে সেহেতু নগরীর যেসব এলাকায় নির্বাচন অনুষ্ঠিত হবে না সেখানেও নিরাপত্তাবাহিনী মোতায়েন থাকবে।