কক্সবাজারে ৮০টির কেন্দ্রের ৬০টিই ঝুঁকিপূর্ণ
কক্সবাজার-৪ আসনের, উখিয়া-টেকনাফ, ৮০টি কেন্দ্রের মধ্যে ৬০ টিকে ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছে প্রশাসন।
উখিয়া উপজেলার ৩৭টি কেন্দ্রের সবকটি এবং টেকনাফ উপজেলার ৪৩টি কেন্দ্রের মধ্যে ২৩টি ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন সংশ্লিষ্ট উপজেলা কর্মকর্তারা।
কক্সবাজার জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা মো. রুহুল আমিন জানিয়েছেন, উখিয়া ও টেকনাফ উপজেলায় সংঘটিত জামায়াত বিএনপি-র নাশকতা এবং দুর্গম এলাকা হওয়ায় এ ৬০টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে।
এ আসনে ১৯৯১ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত প্রধান চারটি সংসদ নির্বাচনে বিএনপি ও আওয়ামী লীগের প্রার্থীরা পালা করে জয় লাভ করে।
উখিয়া উপজেলা নিবার্হী কর্মকর্তা এবং সহকারী রিটানিং কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, ইতিমধ্যে উখিয়ায় সেনাবাহিনীসহ অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
টেকনাফেও আইন-শৃংখলা স্বাভাবিক রাখতে কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন এ উপজেলার নিবার্হী কর্মকর্তা এবং সহকারী রিটানিং কর্মকর্তা শাহ মুজাহিদ উদ্দীন।
কক্সবাজারের চারটির তিনটি আসনেই একক প্রার্থী হওয়ায় প্রতিদ্বন্দ্বিতা ছাড়া নির্বাচিত হওয়ার অপেক্ষায় রয়েছে।
শুধু কক্সবাজার-৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুজন। এরা হলেন নৌকা মার্কা নিয়ে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সাংসদ আবদুর রহমান বদি এবং লাঙল মার্কা নিয়ে জাতীয় পার্টির প্রার্থী তাহা ইয়াহিয়া।
আগামী ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে।
কক্সবাজারের জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা মো. রুহুল আমিন জানিয়েছেন, টেকনাফে নৌবাহিনী ও সেনাবাহিনী মোতায়েন চেয়ে নির্বাচন কমিশনে চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে সুষ্ঠু নির্বাচনের জন্য টেকনাফে সেনাবাহিনী এবং টেকনাফের বিচ্ছিন্ন দ্বীপ সেন্টমার্টিনে নৌবাহিনী মোতায়েনের অনুরোধ জানিয়েছেন।
কক্সবাজার জেলা নির্বাচন কার্যালয়ের তথ্য মতে, উখিয়া-টেকনাফ আসনে ২ লাখ ৩৩ হাজার ১১৪ জন ভোটারের মধ্যে নারী ভোটার ১ লাখ ১৭ হাজার ৬০৫ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ১৫ হাজার ৫০৯ জন।
এর মধ্যে উখিয়া উপজেলার ভোটার সংখ্যা ১ লাখ ৬ হাজার ৪৪৫ জন এবং টেকনাফে ১ লাখ ২৬ হাজার ৬৬৯ জন।
