২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জারুলেস্কি ইউএসএআইডির নতুন মিশন পরিচালক

যুক্তরাষ্ট্রভিত্তিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির বাংলাদেশ মিশনের নতুন পরিচালক হিসেবে যোগ দিয়েছেন জানিনা জারুজেলস্কি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2014, 09:01 PM

Updated : 01 Sep 2026, 05:58 PM

এর আগে তিনি বলিভিয়া মিশনে দায়িত্ব পালন করেছেন বলে ঢাকাস্থ মার্কিন দূতাবাস জানিয়েছে।

গত বছরের ডিসেম্বর ২০ তারিখে তিনি বাংলাদেশ মিশন পরিচালক হিসেবে শপথ নেন।

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে চলা তিনটি প্রধান উন্নয়ন কর্মসূচি- ফিড দ্য ফিউচার, বৈশ্বিক জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক স্বাস্থ্য উদ্যোগ প্রকল্পের নেতৃত্ব দেবেন জারুজেলস্কি।

২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করতে এই তিনটি প্রকল্প সহযোগিতা করছে বলে মার্কিন দূতাবাসের পক্ষ থেকে দাবি করা হয়।

গত বছরের সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশে ইউএসএআইডির প্রকল্প পরিচালকের দায়িত্বে ছিলেন রিচার্ড গ্রিন।

স্বাধীনতার পর থেকে ৪২ বছরে বাংলাদেশকে ৬০০ কোটি ডলারের উন্নয়ন সহযোগিতা দিয়েছে যুক্তরাষ্ট্র।

জেষ্ঠ্য পররাষ্ট্র কর্মকর্তা হিসেবে জারুজেলস্কি ১৯৯৫ সাল থেকে ইউএসএআইডির সঙ্গে কাজ করছেন। এই সংস্থার হয়ে ওয়াশিংটনের প্রধান দপ্তরসহ বিভিন্ন দেশে তিনি কাজ করেছেন।

বলিভিয়ার আগে ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত ইউক্রেনের মিশন পরিচালক হিসেবে কাজ করেছেন জারুজেলস্কি। সেখানে তিনি ইউক্রেন, বলিভিয়া ও মালদোভার উন্নয়ন মিশনগুলো দেখতেন।