এসেক্স ইউনিভার্সিটির সম্মানসূচক ডিগ্রি পাচ্ছেন স্পিকার
নারীর ক্ষমতায়নে অবদানের স্বীকৃতি হিসাবে বাংলাদেশের প্রথম নারী স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে ‘সম্মানসূচক ডিগ্রি’ দেবে যুক্তরাজ্যের এসেক্স ইউনিভার্সিটি।
জুলাইয়ে ব্রিটেনের এ ইউনিভার্সিটির সুবর্ণজয়ন্তী ও গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে এই ডিগ্রি দেয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অ্যান্টনি ফরসটারের সই করা এ সংক্রান্ত একটি চিঠি বুধবার শিরীন শারমিনের হাতে পৌঁছায়।
২০০০ সালে এ বিশ্ববিদ্যালয় থেকেই ‘রাইট টু লাইফ’ অভিসন্দর্ভের জন্য পিএইচডি ডিগ্রি পান শিরীন শারমিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “এটা আমার জন্য অত্যন্ত সম্মানের। আগামী জুলাইয়ে এসেক্স ইউনিভার্সিটির গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে সম্মানসূচক ডিগ্রি দেয়ার জন্য আমাকে তারা আমন্ত্রণ জানিয়েছে।”
সংরক্ষিত মহিলা আসনের সদস্য হিসেবে এবারই প্রথম সংসদে আসেন পেশায় আইনজীবী শিরীন শারমিন। স্পিকার নির্বাচিত হওয়ার আগে তিনি মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন।
জিল্লুর রহমানের মৃত্যুর পর নবম সংসদের স্পিকার আবদুল হামিদ রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় সরকারের মেয়াদের আট মাস বাকি থাকতে স্পিকার হন শিরীন শারমিন। গত ৩০ এপ্রিল রাষ্ট্রপতির কাছে তিনি স্পিকার হিসাবে শপথ নেন।
শিরীন শারমিনের জন্ম ১৯৬৬ সালে ৬ অক্টোবর ঢাকায়। বাবা রফিকউল্লাহ চৌধুরী ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একান্ত সচিব। মা অধ্যাপক নাইয়ার সুলতানা বাংলাদেশ কর্ম কমিশনের সদস্য ছিলেন।
১৯৮৩ সালে ঢাকা বোর্ড থেকে মানবিক বিভাগে সম্মিলিত মেধাতালিকায় প্রথম স্থান নিয়ে এসএসসি পাস করেন শিরীন। দুই বছর পর একই বোর্ড থেকে মানবিক বিভাগে সম্মিলিত মেধাতালিকায় দ্বিতীয় স্থান নিয়ে এইচএসসি পাস করেন।
১৯৮৯ সালে প্রথম শ্রেণিতে প্রথম স্থান নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (অনার্স) এবং ১৯৯০ সালে অবস্থান অটুট রেখেই এলএলএম ডিগ্রি নেন শিরীন শারমিন। এরপর উচ্চ শিক্ষার জন্য কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে যুক্তরাজ্যে যান তিনি।
শিরীন বার কাউন্সিলের আইনজীবী হিসাবে তালিকাভুক্ত হন ১৯৯২ সালে। ১৯৯৪ সালে হাইকোর্ট বিভাগ ও ২০০৮ সালে আপিল বিভাগে অন্তর্ভুক্ত হন।
আইনজীবী হিসেবে পেশাগত জীবনে নারীর সমঅধিকারের জন্য কাজ করেছেন শিরীন শারমিন। তিনি প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকার সময়েই ‘নারী উন্নয়ন নীতিমালা’ পাস হয়।
