রাজশাহীতে নাসিমের গাড়ি বহরে বোমা হামলা
রাজশাহীর চারঘাটে নির্বাচনী জনসভায় যাওয়ার পথে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মাদ নাসিমের গাড়ি বহরে বোমা হামলা করেছে অবরোধকারীরা।
তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।
চারঘাট থানার ওসি গোলাম মুর্তুজা বলেন, বৃহস্পতিবার বেলা সোয়া ১২টার দিকে চারঘাটে যাওয়ার পথে মোহাম্মাদ নাসিমের গাড়িবহর আক্রান্ত হয়। সারদা পুলিশ একাডেমির ফটকের সামনে দুটি ও সারদা বাজারে দুটি হাতবোমা তার গাড়িবহরের দিকে ছুড়ে মারে অবরোধকারীরা।
ওসি মুর্তুজা বলেন, “বোমাগুলো গাড়িতে লাগেনি। রাস্তার ওপর বিকট শব্দে বিস্ফোরিত হয়। আতঙ্ক সৃষ্টির জন্য অবরোধকারীরা এ হামলা চালিয়েছে।”
চারঘাট শহীদ মিনার মাঠে আওয়ামী লীগের প্রার্থী শাহরিয়ার আলমের নির্বাচনী জনসভায় যোগ দিতে নেতাকর্মীদের নিয়ে যাচ্ছিলেন নাসিম।
এ ঘটনার পর নাসিম সরাসরি ওই জনসভায় যোগ দেন বলে ওসি জানান।
