নারায়ণগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণ: আরেকজনের মৃত্যু
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় নৌবাহিনী পরিচালিত সোনাকান্দা ডকইয়ার্ডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরেক শ্রমিকের মৃত্যু হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান, বুধবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান সাগর (১৭), যার শরীরের ৫০ শতাংশ পুড়ে গেছে।
গত রোববারের এ দুর্ঘটনায় এ নিয়ে দুজনের মৃত্যু হলো। ওইদিনই হাসপাতালে আনার পর মারা গিয়েছিলেন মামুন (৩২)। এখনো চিকিসাধীন আছেন চারজন।
মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চিকিৎসাধীন শরীফুল ইসলামের (৪০) শরীরের ৭০ শতাংশ, রহিমের (৩০) শরীরের ১৮ শতাংশ, হায়দারের (২৫) শরীরের ৭ শতাংশ এবং শিপনের (৪০) শরীরের ৩৫ শতাংশ পুড়ে গেছে।
সোনাকান্দা ডকইয়ার্ডে বহিরাগত ঠিকাদার নিযুক্ত শ্রমিকরা রোববার সকালে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় আকস্মিকভাবে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে।
