খালেদা নিজেই অবরুদ্ধ: হাছান
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নিজেই নিজেকে অবরুদ্ধ করে রেখেছেন বলে মনে করেন পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ।
বুধবার সচিবালয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “তিনি কোনোভাবেই অবরুদ্ধ নয়, তিনি মুক্ত তার সঙ্গে সবাই দেখা করছেন। তিনি নিজেই নিজেকে অবরুদ্ধ করে রেখেছেন।”
“২৪ অক্টোবর জনসভা করার পর ঘর থেকে বের হননি, বের হলেও পার্টি অফিস ছাড়া কোথাও যাননি।”
‘বিগত ৫ বছরে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অর্জন’ তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এরশাদ মহাজোট থেকে নির্বাচন করছে কি-না জানতে চাইলে মন্ত্রী বলেন, “এরশাদ তো নিজেই অসুস্থ। অসুস্থতার জন্য হাসপাতালে ভর্তি এবং সেখান থেকে তিনি গলফ খেলতে যাচ্ছেন।”
সংবাদ সম্মেলনের এক পর্যায়ে তিনি দাবি করেন বিরোধীদল নির্বাচনে না এলেও ৫ জানুয়ারির নির্বাচনে অনেক আসনেই জোর প্রতিদ্বন্দ্বিতা হবে।
হাছান মাহমুদ বলেন, “এবারের নির্বাচনে ১২টি দল অংশগ্রহণ করছে, এরশাদ নিজেও প্রার্থী আছেন, তার পক্ষে অনেকেই নির্বাচনী প্রচারণা করছেন।”
বিরোধীদল এলে আরো প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হতো মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, “প্রতিদ্বন্দ্বিতা এখনো হচ্ছে। অনেক আসনে জোরালো প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, একেক আসনে প্রতিদ্বন্দ্বিতা একেক রকম হচ্ছে, ঢালাওভাবে বলার সুযোগ নেই মূল প্রতিদ্বন্দ্বী কারা।”
৫ জানুয়ারির নির্বাচন গ্রহণযোগ্য হবে কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, “অবশ্যই নির্বাচন গ্রহণযোগ্য হবে, সংবিধান ও গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে নির্বাচন ছাড়া অন্য কোন বিকল্প নেই, বিরোধীদল যদি নির্বাচনে না আসে তাহলে এর দায়-দায়িত্ব তো আমাদের নয়।”
বিএনপিকে নির্বাচনে আনার জন্যই সর্বদলীয় সরকার গঠন করা হয়েছিলো দাবি করে হাছান মাহমুদ বলেন, “বিরোধীদল নির্বাচনে আসবে বলেই ১৪ দল আসন ভাগাভাগি করেছিল।”
হলফনামার সম্পদের অংশবিশেষ গণমাধ্যমে প্রকাশ করে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে দাবি করে মন্ত্রী বলেন, “এসব প্রকাশ করার সময় খেয়াল রাখা উচিত ছিলো যাতে কারো সম্মান নষ্ট না হয়।”
সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের বিভিন্ন অর্জনের চিত্র তুলে ধরে মন্ত্রী জানান, “মন্ত্রণালয়ের ৫ বছরে টেকসই পরিবেশ উন্নয়ন এবং এ সংক্রান্ত সামগ্রিক কাজের স্বীকৃতির জন্য প্যারিসভিত্তিক একটি সংস্থা মন্ত্রণালয়কে ‘দি গ্লোবাল গ্রিন এওয়ার্ড ২০১৪’ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।”
আগামী ৩১ মার্চ জার্মানির বার্লিনে পুরস্কার প্রদান করা হবে বলেও জানান মন্ত্রী।
