চামড়া ব্যবসায়ীর ‘রহস্যজনক’ মৃত্যু, দুর্ঘটনায় নিহত ২
রাজধানীর হাজারীবাগে এক চামড়া ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মহাখালী ও ধোলাইখালে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন দুইজন।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান, সাইদুর রহমান নয়ন (৩৮) নামে এক ব্যবসায়ীকে মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাজারীবাগ থানার উপপরিদর্শক রেজাউল ইসলাম জানান, হাজারীবাগ বাজারে শাহীন নামে এক ব্যক্তির সঙ্গে নয়নের ঝগড়া হয়েছিল বলে তারা জানতে পেরেছেন।
“নয়নের মাথা ও গলায় জখমের দাগ রয়েছে। এটি হত্যাকাণ্ড না অন্য কিছু তা তদন্ত করা হচ্ছে।”
উপপরিদর্শক রেজাউল জানান, নয়ন একজন চামড়া ব্যবসায়ী। তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এদিকে রাত দেড়টার দিকে মহাখালী ফ্লাইওভারের উত্তর পাশে রাস্তা পার হওয়ার সময় পিকআপের ধাক্কায় মাহফুজুর রহমান (২৩) নামে এক তরুণের মৃত্যু হয় বলে বনানী থানার উপপরিদর্শক মো. আশরাফ জানান।
মাহফুজ রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। দুর্ঘটনার জন্য দায়ী পিকআপ চালককে পুলিশ আটক করেছে বলে জানান আশরাফ।
রাতের প্রায় একই সময় পুরান ঢাকার ধোলাইখাল এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন অজ্ঞাত পরিচয় এক রিকশাচালক।
ঢাকা মেডিকেল ফাঁড়ি পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক জানান, রাত ২টার দিকে শারমিন নামে এক নারী ওই রিকশা চালককে হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষা করে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ওই নারীই পুলিশকে বলেছেন, নিহত ব্যক্তি একজন রিকশাচালক। ধোলাইখালে গাড়ির ধাক্কায় আহত হয়ে তিনি রাস্তার পাশে পড়ে ছিলেন।
