২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩ জানুয়ারি বেতার-টিভিতে শেখ হাসিনার ভাষণ

ভোটের আগে রাজনৈতিক দলের প্রধান হিসেবে ৩ জানুয়ারি শেখ হাসিনা বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে দেশবাসীর উদ্দেশে বক্তব্য রাখবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2014, 01:10 AM

Updated : 01 Sep 2026, 05:58 PM

প্রতিটি সংসদ নির্বাচনের আগেই অংশগ্রহণকারী দলগুলোর প্রধান বা প্রতিনিধি রাষ্ট্রীয় প্রচার মাধ্যমে বক্তব্য দেয়ার সুযোগ পান।

তবে এবার প্রধান বিরোধী দল বিএনপি নির্বাচনে অংশ না নেয়ায় ভাষণ দেয়ার সুযোগ হচ্ছে না খালেদা জিয়ার।

বিরোধী দলের বর্জনের মধ্যে ১৫৩টি আসনের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় আগামী ৫ জানুয়ারি ১৪৭ আসনে ভোটগ্রহণ হবে।

বিধি অনুযায়ী ভোটের ৪৮ ঘণ্টা আগে ৩ জানুয়ারি রাত ১২টার পর থেকে (৪ জানুয়ারি প্রথম প্রহর) নির্বাচনী প্রচার চালানো যাবে না।

আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম মঙ্গলবার ইসি সচিবালয়ে সাংবাদিকদের বলেন, তার দলের প্রধান শেখ হাসিনা ৩ জানুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

এবার ১২টি দল নির্বাচনে অংশ নিচ্ছে। নির্বাচনে প্রার্থী সংখ্যা অনুপাতে দলগুলোর জন্যে সময় নির্ধারণ হতে পারে বলে জানান ইসি কর্মকর্তারা।

বিকালে এইচ টি ইমাম ও মসিউর রহমান সিইসি কাজী রকিবউদ্দীন আহমদের সঙ্গে দেখা করেন। তারপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইমাম।

নির্বাচনী আচরণবিধি অনুসরণ করতে গিয়ে ২ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ নির্বাচনী সমাবেশ করবে না বলে জানান তিনি।

ইমাম বলেন, “সিইসির সঙ্গে আলাপ করে ইসির আইনের প্রতি যথাযথ সম্মান দেখিয়ে ওই জনসভা করব না। এটা দলীয় হাই কমান্ডকে জানাব।”

২ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের নির্বাচনী জনসভা করার কথা ছিল। ভোটের আগে তা করতে পারে কি না, সে বিষয়ে পরামর্শ নিতে ইসিতে আসেন ইমাম।

“ইসি উপদেশ দিল, এটা করা ঠিক হবে না। এক্ষেত্রে আচরণবিধি মেনেই জনসভা করতে হবে,” বলেন তিনি।