২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩ দিন পর চট্টগ্রাম ছাড়ল বাস

বিরোধী দলের ঢাকামুখী অভিযাত্রাকে কেন্দ্র করে তিন দিন বন্ধ থাকার পর সোমবার রাত থেকে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন জেলায় বাস চলাচল শুরু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2013, 02:51 PM

Updated : 01 Sep 2026, 05:57 PM

তবে ১ জানুয়ারি থেকে বিরোধী দল টানা অবরোধের ঘোষণা দেয়ায় নিরাপত্তার কারণ দেখিয়ে বাস চালানো বন্ধ রেখেছে গ্রীনলাইন, টিআর ট্রাভেলসের মতো কিছু পরিবহন কোম্পানি।

মঙ্গলবার নগরীর দামপাড়া ও বিআরটিসি এলাকায় কয়েকটি বাস কাউন্টারে টিকিট বিক্রি করতে দেখা গেছে।

এই এলাকায় ইউনিক ও এস আলম বাস কাউন্টার থেকে জানানো হয়, সোমবার রাত থেকেই তাদের বাস চলছে। যাত্রীও পাওয়া যাচ্ছে।

দামপাড়া এলাকায় সোহাগ ও সৌদিয়া পরিবহনের কাউন্টার থেকে একই তথ্য জানানো হয়।

তবে দামপাড়ায় নাম প্রকাশে অনিচ্ছুক গ্রীনলাইন পরিবহনের এক কর্মকর্তা জানান, আগামী ৫ জানুয়ারি পর্যন্ত চট্টগ্রাম থেকে কোনো রুটে তাদের বাস চলবে না।

এদিকে টিআর ট্রাভেলসের কাউন্টার থেকেও জানানো হয়, বিরোধী দলীয় জোট অনির্দিষ্টকালের অবরোধ ডাকায় তাদের বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।

অবরোধ শেষে বাস চলবে বলে কাউন্টারের কর্মীরা জানান।

৫ জানুয়ারির ভোট রুখতে রোববার ঢাকামুখী অভিযাত্রা শেষে নয়া পল্টনে সমাবেশের ঘোষণা দিয়েছিলেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।

পুলিশের অনুমতি না পাওয়ায় এই কর্মসূচি পণ্ড করতে শুক্রবার থেকেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে ঢাকামুখী যান চলাচল বন্ধ করে দেয়া হয়। বন্ধ থাকে লঞ্চ চলাচলও।

সমাবেশের আগের দিন শনিবার থেকে চট্টগ্রামের সঙ্গে দেশের সবকটি রুটের বাস চলাচল বন্ধ রাখা হয়।