২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগরদাঁড়ি ইউপি চেয়ারম্যান গুলিতে নিহত

সাতক্ষীরা সদরের সহিংসতাকবলিত আগরদাঁড়ি এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে গোলাগুলির মধ্যে নিহত হয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনারুল ইসলাম (৪৫)।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2013, 04:36 PM

Updated : 01 Sep 2026, 05:57 PM

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে তুলে নিয়ে গিয়েছিল বলে নিহতের পরিবারের দাবি করলেও পুলিশ বলছে গোলাগুলিতে তার মৃত্যু হয়েছে।

সোমবার দুপুরে সদর উপজেলার শিকড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

সাতক্ষীরা সদর থানার ওসি এনামুল হক সাংবাদিকদের জানান, সকালে যৌথবাহিনীর সদস্যরা সদর উপজেলার আগরদাঁড়ি ইউনিয়নে অভিযানে যায়। সেখান থেকে ফেরার পথে দুপুরে শিকড়ি এলাকায় স্থানীয় বিএনপি জামায়াত-কর্মীরা তাদের ওপর হামলা করে।

তারা ইটপাটকেল ও ককটেল নিক্ষেপ করলে যৌথবাহিনীর সদস্যরা গুলি ছোঁড়ে। এ সময় গুলিবিদ্ধ হন আনারুল ইসলাম।

পরে পুলিশ তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. পরিমল বিশ্বাস তাকে মৃত ঘোষণা করেন।

ওসি জানান, আনারুলের বিরুদ্ধে সদর থানায় সন্ত্রাসী কার্যক্রমসহ বিভিন্ন অপরাধের ছয়টি মামলা আছে।

আনারুলের ছোটভাই জিয়াউল ইসলাম সাংবাদিকদের জানান, সকালে একটি মাইক্রোবাসে করে সাদাপোশাকধারী পাঁচজন লোক তাদের বাড়িতে আসেন। এ সময় তারা চেয়ারম্যানের সাথে কথা বলেন এবং ক্ষতিগ্রস্ত বাড়ির কিছু ছবি তোলেন।

এরপর তারা আনারুলকে মাইক্রোবাসে তুলে নিয়ে যান বলে অভিযোগ করেন তিনি।

আনারুল সদর উপজেলার কাশেমপুর গ্রামের আব্দুর রহমান সানার ছেলে।